যশোর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের কোতোয়ালি থানা হাজতে মৃত্যু হয়েছে এক আসামির। পুলিশ এটাকে আত্মহত্যা বললেও মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে।
ইমরান হোসেন বাপ্পী (২৪) শনিবার রাত ১১টার দিকে থানা হাজতে মারা যান। সেদিন দুপুরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাপ্পী জেলা শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, শনিবার দুপুরে শংকরপুর থেকে কয়েক পুরিয়া হেরোইনসহ বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাও হয়।
"দারোগা গাজী আব্দুর রহমান বাপ্পীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাজত খানায় রাখা হয়। রাত ১১টার দিকে সে গায়ের জামা খুলে হাজতখানার ভেন্টিলেটারের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করে", বলেন ওসি।
তবে পুলিশের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বাপ্পীর বাবা আলী হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, "আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।"
বাপ্পী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সোর্স হিসেবে কাজ করতেন বলে হোসেন জানান।
তিনি বলেন, "মাদক বিক্রেতা হাবিবকে ধরিয়ে দেয় বাপ্পী। মুক্তি পেয়ে হাবিব গতকাল (শনিবার) ষড়যন্ত্র করে বাপ্পীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে।"
বাপ্পীর মৃত্যুর ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করেছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আত্মহত্যার কথা বলে এলেও বাপ্পীর মাথায় রক্তাক্ত জখম দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.
bdnews24