ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে।
চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লু হাও এর নেতৃত্বে আট সদস্যের ওই প্রতিনিধি দল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান।
খালেদার সঙ্গে তাদের বৈঠকের পর বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এক চীন নীতির প্রতি পূর্ণ সমর্থনের কথা চেয়ারপারসন প্রতিনিধি দলকে জানিয়েছেন।
শমসের বলেন, "ম্যাডাম বলেছেন, চীনের কোনো ভূখণ্ডের ওপর অন্য কারো হস্তক্ষেপ সমর্থন করে না বিএনপি।"
চীনা প্রতিনিধিদের সঙ্গে খালেদার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ান।
চীনের গানসু প্রদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক লু হাও এর নেতৃত্বে প্রতিনিধি দলটি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এমআই/১০০২ ঘ.
bdnews24