আবদুল্লাহ আল মুয়ীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যানে (ড্যাপ) বন্যাপ্রবণ হিসেবে যে এলাকাগুলো চিহ্নিত, তার মধ্যেই গড়ে উঠছে রাজউকের পূর্বাচল নিউ টাউন ও ঝিলমিল আবাসিক প্রকল্প।
ড্যাপ এর পরামর্শক খন্দকার আনসার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, "পূর্বাচল নিউ টাউন প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্প বন্যাপ্রবণ এলাকার মধ্যে রয়েছে। এসবের বাস্তবায়ন হলে ঢাকায় বসবাসের পরিবেশের আরো অবনতি ঘটবে।"
ঢাকা মহানগরীর ৫৯০ বর্গ মাইল এলাকার ভূমি উন্নয়নকে গোছালো করাই ড্যাপ প্রণয়নের উদ্দেশ্য। এর আওতায় ঢাকার বিভিন্ন এলাকায় আবাসন ব্যবস্থার উন্নয়ন, সড়ক যোগাযোগ, পার্ক ও জলাশয়সহ নানা উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভূমি নির্ধারণ করা হয়েছে।
ড্যাপের আওতায় উত্তর অংশ গাজীপুর পৌরসভার উত্তর অংশ পর্যন্ত বিস্তৃত, দক্ষিণে ধলেশ্বরী নদীর তীর পর্যন্ত, পূর্বে রয়েছে শীতলক্ষ্যা নদী ও তারাব পৌরসভাসহ কেরানীগঞ্জের বিশাল একটি এলাকা।
আনসার হোসেন বলেন, "মধুপুর ও ঢাকার উঁচু এলাকার পানি ওই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তাই এসব এলাকায় ভূমির উন্নয়ন হলে নগরীর জলাবদ্ধতা আরো বাড়বে।"
তিনি অভিযোগ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প গড়ে তুলছে।
প্রকল্প পরিচিতি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৬ হাজার ১৫০ একর (১ একর = ১০০ শতাংশ) জমি নিয়ে রয়েছে প্রস্তাবিত 'পূর্বাচল নিউ টাউন প্রকল্প'। এই এলাকাটিকে ৩০টি ভাগ করা হয়েছে।
এর মধ্যে ৪ হাজার ৫০০ একর জমিতে উন্নয়ন কাজ চলছে। ২০০৯ সাল থেকে প্লট বরাদ্দও শুরু হয়েছে।
ঝিলমিল প্রকল্পের অধীনে রয়েছে ৩৮১ একর জমি। এই প্রকল্পে পরবর্তীতে দ্বিতীয় ধাপে ১ হাজার ১৫০ একর জমি নেওয়া হবে। এর বিস্তৃতি হবে ঢাকা-মাওয়া মহাসড়কের সুভাড্ডা, চুনকাটিয়া ও কেরানীগঞ্জের তেঘরিয়া মৌজার নিচু জমি নিয়ে।
আনসার হোসেন বলেন, "বন্যাপ্রবণ অঞ্চলে হওয়ায় দুটি প্রকল্পই বর্ষাকালে পানি নেমে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে।"
"বৃষ্টির পানি আটকে বাড্ডার মতো নিুাঞ্চলের মানুষ আরো বেশি দুর্ভোগে পড়বে," বলেন তিনি।
অবশ্য রাজউক কর্মকর্তারা বলছেন, ড্যাপ ও ঢাকা স্ট্রাকচার প্ল্যান (১৯৯৫-২০১৫) করার কয়েক বছর আগে ওই দুটি প্রকল্পের পরিকল্পনা করা হয়।
রাজউকের পরিচালক (পরিকল্পনা) জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের এসব প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে ১৯৮০ এর দশকে, তখন থেকেই এসবের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে এর উল্টো কিছু করা সম্ভব নয়।"
"ড্যাপ ও ঢাকা স্ট্রাকচার প্ল্যান ওই দুটি প্রকল্প শুরু করার পর হয়েছে," বলেন তিনি।
কাজ চললেও এখন ওইসব অঞ্চলে প্রকল্প বাস্তবায়নের কাজ শিগগিরই থামানো উচিত বলে মনে করেন ড্যাপ এর পরামর্শক আনসার।
তিনি বলেন, "ওইসব এলাকায় উন্নয়ন কাজ বন্ধ করার এখনো সময় রয়েছে। ঝিলমিল আবাসিক প্রকল্পে কেবল মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। রাজউক সেটা এখনি বন্ধ করতে পারে।"
আনসার হোসেন বলেন, "ঢাকাকে রক্ষা করতে হলে এটা থামাতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিকেএস/এএম/জেবি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24