ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে এ সংঘর্ষ ঘটেছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে ছাত্রলীগের তিন কর্মীর নাম জানা গেছে। তারা হলো নূর আলম (২৫) সুমন (২২), নূরুজ্জামান (২৪)। বাকীদের নাম জানা যায়নি।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক এবং প্রত্যাক্ষদর্শীরা জানান, সাংস্কৃতিক সংগঠন বৈশাখী মহলের উদ্যোগে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কনসার্ট চলছিলো। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মীর মোস্তফা জালালের নেতৃত্বে ছাত্রদলের কিছু যুবক হৈ-চৈ শুরু করে কনসার্ট বানচালের চেষ্টা চালায়। উপজেলা ছাত্রলীগের নেতারা তাদেরকে শান্ত থাকার আহ্বান জানালে তারা উত্তেজিত হয়ে উঠে।
কনসার্ট শেষে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের কর্মীদের কাছে হৈ-চৈ করার কারণ জানতে চাইলে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের মোট ১০ জন আহত হয়।
কনসার্টে আসা লোকজন গভীর রাতে সংঘর্ষের কারণে দিগবিদিক ছুটাছুটি শুরু করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তফা জালালকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি গোলাম ফারুক জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৫৭ ঘ.
bdnews24