২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় তিন গৃহবধূ খুন

নীলফামারী, মুন্সীগঞ্জ ও নওগাঁয় বৃহস্পতিবার রাতে তিন নারীকে হত্যা করা হয়েছে। এই তিনটি হত্যাকাণ্ডে তাদের স্বামীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী, মুন্সীগঞ্জ ও নওগাঁয় বৃহস্পতিবার রাতে তিন নারীকে হত্যা করা হয়েছে। এই তিনটি হত্যাকাণ্ডে তাদের স্বামীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে যৌতুকের জন্য নীলফামারীর ডিমলায় সন্তানদের সামনে ঘুমন্ত এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরকিয়ার জেরে মুন্সীগঞ্জের লৌহজং ও নওগাঁর মহাদেবপুর উপজেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে দুই গৃহবধূকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানান, ডিমলা উপজেলার পুর্ব খড়িবাড়ি গ্রামের সামসুল হকের মেয়ে ফিরোজা আক্তারকে (২৮) হত্যা করা হয়। ফিরোজার স্বজনরা অভিযোগ করেন, তার স্বামী উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি বাজার এলাকার সহিদুল ইসলাম (৩৪) ও তার সহযোগী আবুল কাশেমসহ (৪০) কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ বলেছে, শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, সুটিবাড়ি বাজার এলাকার আব্দুল আলী মুন্সীর ছেলে সহিদুল স্ত্রী ফিরোজাকে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে দিতে চাপ দিয়ে আসছিলেন। ফিরোজা টাকা এনে দিতে অস্বীকার করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো। এ নিয়ে তাদের সম্পর্কের অবনতি ঘটলে ফিরোজা দুই ছেলে ফেরদৌস (৮) ও ফরহাদকে (৫) নিয়ে বাবার বাড়ি পূর্ব খড়িবাড়ি চলে আসেন। এজাহারের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর সহিদুল ইসলাম তার সহযোগী টেপা খড়িবাড়ি ঠাটারীপাড়ার আবুল কাশেমসহ ৩-৪ জনকে নিয়ে ফিরোজার ঘরে ঢোকে তাকে হত্যা করে। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, লৌহজং উপজেলার ক্ষিদিরপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুফিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। স্বামী আফজাল দেওয়ান (৫৫) তাকে পিটিয়ে হত্যা করার পর মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যান। এলাকাবাসীর বরাত দিয়ে লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন জানান, স্থানীয় এক মহিলার সঙ্গে পরকিয়ার কারণে প্রায়ই স্ত্রীকে মারধর করতো আফজাল। গত রাতেও তিনি স্ত্রীকে মারধর করেন। ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চার সন্তানের মা সুফিয়ার বাবার বাড়ি একই গ্রামে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। নওগাঁ প্রতিনিধি জানান, মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামে আজিরন বেগম (৩৬) তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা চকরাজা গ্রামের তাজিমউদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আজিরনকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী জালাল উদ্দিন (৪৫)। তিনি জানান, কচুকুড়ি গ্রামের সাফিয়া নামের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় জালালকে বাধা দেন আজিরন। ঈদুল আজহার দিন সাফিয়ার পরিবারকে কুরবানির মাংস দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে আজিরনকে লাথি মারেন জালাল। রাতে মহাদেবপুর হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসকরা জানান আজিরন মারা গেছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম জানান, নিহতের বাবা হত্যা অভিযোগ দায়ের করেছেন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৯ ঘ.