বরিশাল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে পাওনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
বরিশাল নগরীর স্টেডিয়াম বস্তিতে (বঙ্গবন্ধু কলোনি) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
আহতরা হলেন- বস্তিবাসী মজিদ হাওলাদার (৫০), তার স্ত্রী সালেহা বেগম (৪৫), তাদের ছেলে বাশার (২২), স্বপন (২০), আনিস (২০), মাকসুদা বেগম, মিজানুর রহমান (১৮), সেজান (১৯), আবুল কালাম আজাদ (১৮) ও মিরাজ (২৩)।
এর মধ্যে গুরুতর আহত চার জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত বস্তিবাসী মজিদ হাওলাদার সাংবাদিকদের বলেন, তার ছেলে বাশারের কাছ থেকে একই এলাকার দেলোয়ার কিছুদিন আগে দুইশ টাকা ধার নেয়। ঈদের দিন বাশার ওই টাকা ফেরত চাইলে দেলোয়ারের সঙ্গে তার হাতাহাতি হয়।
মজিদ অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে দেলোয়ার ও তার সঙ্গীরা বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে হামলা চালায়। ওই সময় বস্তিবাসীরা এগিয়ে এলে দুই পক্ষে সংর্ঘষ হয়।
কোতোয়ালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেডিয়াম সংলগ্ন বস্তিতে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24