ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
রাজধানীর কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনের সীমানায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রধান বিচারপতি এ সময় বাসার ভেতরে ছিলেন। তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত কাউকে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তারা আটক করতে পারেনি।
হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতির বাসভবনে যান।
রাত ১১টার দিকে বাসার প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমরা পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু হয়েছে। অপরাধীদের খুঁজে বের করা হবে।"
কারা হামলা চালিয়ে থাকতে পারে
bdnews24