২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্যের স্তুপ

কুরবানির বর্জ্য বৃহস্পতিবারের মধ্যে অপসারণের ঘোষণা দিলেও তা সম্ভব করতে পারেনি ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুরবানির বর্জ্য বৃহস্পতিবারের মধ্যে অপসারণের ঘোষণা দিলেও তা সম্ভব করতে পারেনি ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির বর্জ্যরে স্তুপ দেখা গেছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপিন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্বিতীয় দিনেও কুরবানি বেশি হওয়াতে বর্জ্য অপসারণে সময় লাগছে। তবে শুক্রবার সকালের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করা যায়।" তিনি জানান, রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য অপসারণের কাজ প্রায় শেষের দিকে। আরমানিটোলা পশুর হাটে ১২'শ টন বর্জ্য অপসারণ করতে হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেলে বা দুপুরে যে সব কুরবানি হয়েছে সেগুলোর বর্জ্য অপসারণ করতে সময় লাগছে বলে জানান বিপিন কুমার সাহা। রাজধানীর আজিমপুর নিউ পল্টন এলাকা, পুরান ঢাকার জগন্নাথ সাহা রোডসহ অন্যান্য স্থানে, ধানমণ্ডি, মোহাম্মদপুরের কিছু অংশে বর্জ্যরে স্তুপ দেখা গেছে। এলাকাবাসী জানান, এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপিন কুমার সাহা এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বৃহস্পতিবারের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হবে। বুধবার দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের জন্য বিশেষ ব্যবস্থায় কাজ শুরু করে ডিসিসি। এই সময় থেকে ১২ হাজার কর্মী ও ২শ গাড়িচালক বর্জ্য অপসারণের কাজ করে যাচ্ছে। এতে সিটি করপোরেশনের ৯ হাজার কর্মীর পাশাপাশি বেসরকারি সংস্থার ৩ হাজার পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত রয়েছে। ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে । সাধারণত রাজধানীতে প্রতিদিন ৪ হাজার টন বর্জ্য তৈরি হয়। কোরবানির ঈদে এর পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার টনের বেশি। বর্জ্য অপসারণ কাজের জন্য ৪০টি কনটেইনার, ২০টি ডাম্পার, ১৩৭টি খোলা ট্রাক, ২৫টি কমপ্যাক্টর ট্রাক, ৩টি প্রাইম মুভার, ২টি টায়ার ডোজারসহ ফায়ার সার্ভিস এবং ওয়াসার পানি সরবরাহের গাড়ি কাজ করে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২০৫৫ ঘ.