২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকারি বাজারে চামড়ার দাম কম

ঈদুল আজহার একদিন পর রাজধানীতে পাইকারি বাজারে চামড়ার দাম কমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার একদিন পর রাজধানীতে পাইকারি বাজারে চামড়ার দাম কমে গেছে। এর আগে বুধবার চামড়া ব্যবসার সঙ্গে জড়িত তিনটি সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, তিন সংগঠনের যৌথভাবে নির্ধারণ করে দেওয়া দামের চেয়ে চামড়া বেশি দামে কেনা বেচা হচ্ছে। তারা ঈদের আগে সতর্ক করে বলেছিলেন, খুচরা ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনলে লোকসানের ঝুঁকিতে পড়বেন। বৃহস্পতিবার ঢাকার বাইরে থেকে রাজধানীতে চামড়া আসতে থাকে। পাইকারি বাজারে দর কমে যায়। অনেক খুচরা ব্যবসায়ীকে লোকসান দিয়ে চামড়া বিক্রি করতে দেখা যায়। রাজধানীর ওয়াটার ওয়াক্স রোডে বৃহস্পতিবার চেয়ার পেতে বসে চামড়া কিনছিলেন পাইকারি ব্যবসায়ী সুভাষ দাস। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার মাত্র ৮টি চামড়া কিনেছি। কারণ, দাম চড়া ছিল।" তবে বৃহস্পতিবার তিনি ১শ চামড়া কিনেছেন। তিনি জানান, চামড়া প্রতি গড় দাম যাচ্ছে ১৪শ টাকা। এদিকে জুরাইন থেকে পাইকারি বাজারে চামড়া বিক্রি করতে এসেছেন খুচরা ব্যবসায়ী আবদুস ছালাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশিটি চামড়া কিনেছি। প্রতিটির ক্রয় মূল্য পড়েছে ১৬শ টাকা। কিন্তু গড়ে ১৫শ টাকার বেশি দাম কেউ বলছেন না।" তিনি আরো বলেন, "চামড়া এখন লোকসান দিয়ে বিক্রি না করে আড়তে রেখে দেবো।" চামড়া ব্যবসায়ী মামুন বলেন, "দাম বুধবারের তুলনায় কম। পোস্তায় প্রায় ৫শ আড়ত ও গুদাম রয়েছে। প্রতিটি গুদামে ৫হাজার থেকে ১০হাজার চামড়া সংরক্ষণ করে রাখা যায়।" বৃহস্পতিবার শায়েস্তা খান রোডের পাশে বকরির চামড়া কিনছিলেন পাইকার ফরিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চামড়ার দাম তুলনামূলক কম। হরনাথ ঘোষ রোডে চামড়া ব্যবসায়ী ইকবাল বলেন, "চামড়ার দাম একদিন আগের তুলনায় পিস প্রতি ১ হাজার টাকা কম।" ঈদের দিন চামড়া ব্যবসায়ী সংগঠনের নেতা শাহিন আহমেদ অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের দেওয়া তালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কেনা হচ্ছে। এতে খুচরা ব্যবসায়ীদেরকেই লোকসান গুনতে হবে।" ওদিকে ঈদের আগে সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে ফোর সিজনস চাইনিজ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে কুরবানির চামড়া ক্রয়ের একটি মূল্য তালিকা প্রকাশ করে দেশের চামড়া শিল্পের তিনটি সংগঠন। সংগঠন তিনটি হল বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশন। এতে বলা হয়, তিনটি সংগঠন ঐক্যমত পোষন করে ঢাকার জন্য প্রতি বর্গফুট গরুর চামড়ার ক্রয়মূল্য ৫৫ থেকে ৬০টাকা, ঢাকার বাইরের জন্য ৪৫ থেকে ৫০ টাকা, সারাদেশের জন্য বকরির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা এবং খাসির চামড়ার ক্রয়মূল্য ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করেছে। বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় আকারের একটি গরু ২৩ থেকে ২৫ বর্গ ফুট হয়ে থাকে আর বকরি বা খাসি সাড়ে তিন বর্গফুট হয়ে থাকে। ফলে বড় আকারের গরুর একটি চামড়ার মূল্য সাড়ে ১২শ থেকে ১৩শ টাকা হবে আর বকরির চামড়ার মূল্য ৭০ থেকে ৮০ টাকা এবং খাসির চামড়ার মূল্য ৯০ থেকে ১শ টাকা হবে। তিনি আরো জানান, এই মূল্য নির্ধারনের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৮৪৯ ঘ.