২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গোশতের হাট

কোরবানির ঈদের পরদিন রাজধানীর অনেক এলাকায় জমে ওঠে গোশত বেচাকেনার হাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদের পরদিন রাজধানীর অনেক এলাকায় জমে ওঠে গোশত বেচাকেনার হাট। ঈদের দিন বিকালেই শুরু হয়ে যায় গোশত বেচাকেনা। তবে বৃহস্পতিবার সকাল থেকে বেচাকেনা বেশ জমজমাট হয়ে ওঠে। ছিন্নমূল মানুষরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে কুরবানির মাংস সংগ্রহ করে তা বিক্রি করে দেয়। নিু আয়ের মানুষজন ও হোটেল ব্যবসায়ীরা এই মাংসের ক্রেতা। মাংস বেচাকেনাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে বসে যায় গোশতের ছোট ছোট হাট। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় আজিমপুর কবরস্থানের সামনে, পলাশী বাজার, বাংলামোটর মোড়, মতিঝিল গোলচত্বর ও অন্যান্য এলাকায় গোশতের ছোট ছোট হাট বসেছে। কুরবানির সংগ্রহ করা গোশত দরিদ্র লোকজন এখানে বিক্রি করছেন। শাহবাগ মোড়ে পথশিশু আইনাল জানায়, ঈদে বিভিন্ন বাসা থেকে প্রায় ৫কেজি মাংস পেয়েছে সে। এর সবটুকুই বিক্রি করেছে এক হোটেল ব্যবসায়ীর কাছে। আজিমপুর কবরস্থানের সামনে এক হোটেল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সময়টাতে সস্তায় গোশত কেনা যায়। প্রতি কেজি ১'শ টাকা বা তার চেয়ে কিছু বেশি দাম পড়ে। তাই গোশত কিনে রাখা হয় ব্যবসার জন্য। কেবল হোটেল ব্যবসায়ীই নয়, এসব হাটে নিু মধ্যবিত্তদেরকেও মাংস কিনতে দেখা গেছে। কামরাঙ্গীরচরের বাসিন্দা পোশাক কর্মচারী আবুল খালেক জানান, ঈদের ছুটির পর পিরোজপুরে গ্রামের বাড়ি যাবেন। তাই অল্প দামে মাংস কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের অনেকেই জানান, কুরবানি দেওয়ার সামর্থ নেই, বেশি দাম দিয়ে মাংস কেনারও সামর্থ নেই এবং কারো বাড়ি থেকে গোশত চেয়ে নিতে সংকোচ বোধ করেন-এমন লোকজনই কম দামে মাংস কেনার জন্য এসব হাটে আসছেন। পলাশী মোড়ে কায়সার নামের মধ্যবয়সী এক ব্যক্তি জানান, মুন্সিগঞ্জ থেকে তিনি ঢাকায় এসেছেন কুরবানির গোশত নিতে। বিভিন্ন বাসা বাড়ি থেকে প্রায় ৩০ কেজি গোশত পেয়েছেন। তাই প্রয়োজনের অতিরিক্ত মাংস বিক্রি করে দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৮০০ ঘ.