সিলেট, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একজন খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার মেউয়ারকান্দি গ্রামে বুধবার ঈদের দিন সকালে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. আলাউদ্দিন (৩৮) গ্রামের প্রয়াত তৈয়ুব আলীর ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি মইনউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেউয়ারকান্দি গ্রামের আলাউদ্দিনের সঙ্গে প্রতিবেশী আজম মিয়া ও নূরুল হকদের জমি নিয়ে বিরোধ চলছিলো।
তিনি বলেন, ওই বিরোধের জের ধরে আজম মিয়া, নূরুল হক, শমসু, সয়ফুলসহ ৭-৮ জনের একটি দল সকালে রাম-দা দিয়ে আলাউদ্দিনকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লক্ষ্মীনগর ঈদগাহ থেকে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন।
ওসি জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলাউদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতলে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হিমাংশু লাল রায় তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫৬ ঘ.
bdnews24