চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উদযাপন করছে চট্টগ্রামবাসী।
বুধবার সকালে ঈদের জামাতের পর নগরীর সব এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দেওয়া শুরু করেন। ঈদের জামাত থেকে মুসলিম উম্মাহ ও দেশের জন্য প্রার্থনা করা হয়।
নগরীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) উদ্যোগে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী।
চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরীর কয়েক হাজার মুসল্লীর সমাগম হয় এতে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন, চট্টগ্রামের মেয়র মনজুর আলম, বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নছির উদ্দিন চৌধুরী, সাংসদ নূরুল ইসলাম বিএসসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, নগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, পিএইচপি গ্র"পের চেয়ারম্যান সুফী মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন।
এই মসজিদে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত।
সিসিসি এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীতে এবার মোট ২৩৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে আরেকটি ঈদের জামাত হয়।
কোরবানির পরপরই নগরীর ৪১টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে জবাই করা পশুর বর্জ্য অপসারণ করা শুরু করে সিসিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এজে/১২০৫ ঘ.
bdnews24