কুমিল্লা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার কোটবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আবাবিল পরিবহনের এক মালিক সস্ত্রীক নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মামুন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিঠু ও তার স্ত্রীর মৃত্যু হয়।
আহত হয় প্রাইভেটকারের তিন আরোহী শাহাবুদ্দিন (৫৫), তানজিনা তাবাসসুম (২৫) এবং মৃদুল (১০)। তাদেরকে কুমিল্লা শহরের টমসনব্রিজ রোডস্থ পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জের ধন্যপুর যাচ্ছিলো।
তিনি বলেন, "পথে কুমিল্লার কোটবাড়ি রাস্তার মাথায় আসার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী মামুন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হয়।"
কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি মো. ফরহাদ জানান, নিহত দুজন হলেন- ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী আবাবিল পরিবহনের এক মালিক মিঠু এবং তার স্ত্রী। তারা পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. শাহজাহানের নিকট আত্মীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪১ ঘ.
bdnews24