২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে শেষবারের মতো দেখার আগেই...

বড় ভাই শরিফুল ইসলাম শাহাদতকে শেষবারের মতো দেখা হলো না ছোট বোন রাবেয়া বেগমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 03:35 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

মাগুরা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ভাই শরিফুল ইসলাম শাহাদতকে শেষবারের মতো দেখা হলো না ছোট বোন রাবেয়া বেগমের। শাহাদতের (৬৫) মৃত্যুর খবরে স্বামী আবু জাফরকে (৬০) নিয়ে বুধবার ভোররাতেই ব্যাটারিচালিত যান ইজিবাইকে ঝিনাইদহ থেকে মাগুরায় রওনা হয়েছিলেন রাবেয়া বেগম (৫০)। কিন্তু ভাইয়ের বাড়ি পৌঁছানোর আগেই মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগরে যাত্রীবাহী বাসচাপায় মৃত্যু হয়েছে রাবেয়া ও তার স্বামীর। ঘটনাস্থলে মারা গেছেন ইজিবাইকচালক ওবায়দুলও (৩০)। পুলিশ জানিয়েছে, স্বামী আবু জাফরের সঙ্গে ঝিনাইদহ বসবাস করতেন রাবেয়া। তার ভাই শাহাদতের বাসা মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপরী পাড়ার। মঙ্গলবার দিবাগত রাতে স্বাভাবিক মৃত্যু হয় তার। এ খবরে রাবেয়া স্বামীকে নিয়ে মাগুরার উদ্দেশে রওনা হন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রামনগরে পেছন থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস তাদের ইজিবাইককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তিনি জানান, খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৩৪ ঘ.