নরসিংদী, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন মারা গেছে। আহত হয়েছে আরো ২০ জন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- লেগুনাযাত্রী মুজিবুর রহমান (২৩) ও আক্তার হোসেন (২৮)।
তবে নিহত লেগুনাচালকের পরিচয়া জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৬ বছর।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস শ্রীফুলিয়া এলাকার পৌঁছার পর শিবপুর থেকে ভৈরবগামী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
আহত হয় বাস ও লেগুনার ২০ যাত্রী। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বাস ও লেগুনা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24