২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়ির ভোরের কাগজ প্রতিনিধি হামলায় আহত

জায়গা নিয়ে বিরোধের জেরে দৈনিক ভোরের কাগজের খাগড়াছড়ির পানছড়ি প্রতিনিধিকে মারধর করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

খাগড়াছড়ি, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জায়গা নিয়ে বিরোধের জেরে দৈনিক ভোরের কাগজের খাগড়াছড়ির পানছড়ি প্রতিনিধিকে মারধর করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় পানছড়ি বাজারে এ ঘটনায় আহত রাশেদুজ্জামান অলিকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতে রাশেদুজ্জামান অলি বাদী হয়ে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নথি থেকে জানা যায়, পানছড়ি বাজারে রাশেদুজ্জামানের শ্বশুর হাতিম আলির জায়গা জবরদখল করার উদ্দেশ্যে বাড়ি নির্মাণ করছিল ছাত্রলীগ-যুবলীগকর্মীরা। সোমবার সন্ধ্যায় তাদের বাধা দেন রাশেদুজ্জামান। কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ি নির্মাণকারীরা তাকে বাজারে হ্যাপি বস্ত্রালয়ের তৃতীয় তলার ছাদে নিয়ে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলার যুবলীগ সম্পাদক বিজয় দেব, সহ-সম্পাদক জসিমউদ্দিন ওরফে কালা জসিম, ছাত্রলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন, কর্মী মো. নাজির, উজ্জল চৌধুরী ও সাগর দাশ। রাশেদুজ্জামান অলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানছড়ি বাজারে তার শ্বশুরের জায়গায় আসামিরা বাড়ি নির্মাণ করছিল। সন্ধ্যায় তাদের বাধা দিলে তাকে মেরে আহত করে। পানছড়ি থানার ওসি মো. জামালউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে থানায় আনে এবং পরে হাসপাতালে ভর্তি করে। এদিকে খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারামা, সম্পাদক তমাল দাশ, প্রেসক্লাব সভাপতি দিলীপ চৌধুরী ও সম্পাদক মো. আবু দাউদ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচর দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.