২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের বাসায় ঈদ করবেন খালেদা

ভাই-বোনের বাসায় ঈদ উদযাপন করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়ার পর তিনি ছোট ভাই শামীম এস্কান্দরের বাসায় উঠেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাই-বোনের বাসায় ঈদ উদযাপন করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়ার পর তিনি ছোট ভাই শামীম এস্কান্দরের বাসায় উঠেন। গুলশান-২ এ শামীম এস্কান্দরের বাসা। এস্কান্দরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন এবার এখানেই ঈদ করছেন। গত ১৩ নভেম্বর রাতে খালেদা ছোট ভাই শামীমের এপার্টমেন্টে উঠেন। পাশের এপার্টমেন্টে রয়েছেন খালেদার মেজ বোন। এদিকে প্রতিবারের মতো এবারও বিএনপি চেয়ারপারসন ঈদের দিন ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কূটনীতিক এবং সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষজনের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। ১৯৭২ সালের অগাস্ট থেকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িতে খালেদা জিয়া সবগুলো ঈদ উদযাপন করেছেন। মাঝে ২০০৭ সালের দুই ঈদ শেরে বাংলানগরে বিশেষ কারাগারে কাটিয়েছেন তিনি। ঈদের দিন বিরোধী দলীয় নেতার কর্মসূচির মধ্যে রয়েছে- লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় শেষ করে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ। এরপর সেখান থেকে যাবেন তার বর্তমান অস্থায়ী ঠিকানা ছোট ভাইয়ের বাসায়। পরিবারের সদস্যরা জানান, রাতে বারিধারায় মেজ ভাই সাঈদ এস্কান্দরের বাসায়ও যাওয়ার কথা রয়েছে খালেদার। ১৯৭২ সাল থেকে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমান খালেদা জিয়াকে নিয়ে শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িতে ওঠেন। ২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। খালেদার রিট আবেদন চলতি বছরের ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ১২ নভেম্বরের মধ্যে তাকে বাড়ি খালি করতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০০ ঘ.