কুষ্টিয়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী কৃষক নিহত হয়েছে।
তার নাম মুক্তার হোসেন (৩০)। সে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
সোমবার সকাল ১১ টার দিকে বিএসএফের গুলিতে সে নিহত হয়।
এলাকাবাসী জানায়, মুক্তার হোসেন বেলা ১১টার দিকে ৪/৫ জন কৃষকের সঙ্গে সীমান্তে মাথাভাঙ্গা নদী সংলগ্ন জামালপুর মাঠে ঘাস কাটতে যায়। এসময় সীমান্তের ওপার থেকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানাধীন নাশিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। মুক্তার হোসেন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে।
সঙ্গীরা তাকে উদ্ধার করে মহিষকুণ্ডি স্বাস্থ্য ক্যাম্পে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী জানান তিনি মারা গেছেন।
৩২ রাইফেল ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানি কমান্ডার নূর মোহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়নাতদন্তের জন্য লাশ আনতে পুলিশ পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৭ ঘ.
bdnews24