২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার মেগাওয়াটের আট বিদ্যুৎকেন্দ্র অনুমোদন

এক হাজার দুশ ৩২ মেগাওয়াটের আটটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক হাজার দুশ ৩২ মেগাওয়াটের আটটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। রোববার অর্থমন্ত্র আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাবে তিনশ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। বাকি তিনটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাবে আটশ ৯২ মেগাওয়াট বিদ্যুৎ। ইকিউ ক্যাপিটাল এনার্জিকে আশুগঞ্জে গ্যাসভিত্তিক চার বছর মেয়াদি বার্জ মাউন্টেড রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ৪৮ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্র তৈরিতে ব্যয় হবে পাঁচশ ৮০ কোটি টাকা। এ প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ পেতে প্রতি ইউনিটে সরকারের ব্যয় হবে সাড়ে চার টাকা। মেঘনাঘাটে এপিআর এনার্জি লিমিটেডকে তিন বছর মেয়াদে ৫০ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল ফুয়েল রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। তিন বছরে সরকারকে মোট আটশ ১০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে সাত দশমিক ৭০ টাকা। এছাড়া উইন্টারা আইএনসিকে নরসিংদীর ঘোড়াশালে ৯৯ মেগাওয়াটের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়। এ কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে পরিশোধ করতে হবে চার দশমিক ৮৯ টাকা। কেমব্রিজ এনার্জি ওয়েস্ট ম্যানেজমেন্টের পাঁচ বছর মেয়াদি ফার্নেস ওয়েল ভিত্তিক ৯০ মেগাওয়াটের একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছে কমিটি। এটি চাঁদপুর, বরিশাল কিংবা দেশের অন্য কোনো উপযুক্ত স্থানে স্থাপন করা হবে। এক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে সাত দশমিক ৬৫ টাকা। ইউনাইটেড এন্টারপ্রাইজ এন্ড কোম্পানি ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে আশুগঞ্জে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে চার দশমিক ৪৫ টাকা। তিনটি আইপিপি বিদ্যুৎকেন্দ্রেরই মেয়াদ ২২ বছর। এগুলোর একটি তিনশ ৪১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিবিয়ানা-২। অন্যটি মেঘনাঘাট তিনশ ৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডুয়েল-ফুয়েল বিদ্যুৎকেন্দ্র। এ দুটি বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে স্থাপন করবে সামিট ও জিই এনার্জি। এছাড়া রানহিল-এসটিএস কনসোর্টিয়াম যৌথভাবে দুশ ১৬ দশমিক ৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে সাত হাজার আটশ ৫০ কোটি টাকা ব্যয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১২৪ ঘ.