রাজবাড়ী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দু'টি নতুন ফেরি চালু করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দৌলতদিয়া ফেরিঘাটে আনুষ্ঠানিকভাবে অপরাজিতা ও দোলনচাঁপা নামের ফেরি দু'টি উদ্বোধন করেন।
বিআইডব্লিউটিসি জানায়, চট্টগ্রামের মেরিন শিপ বিল্ডার্স লিমিটেড এই ফেরি দু'টি নির্মাণ করে। ব্যয় হয়েছে ১১ কোটি ২৬ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শাজাহান খান বলেন, এই ফেরি দু'টি চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ অনেক কমে যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিআইডব্লিউটিএ'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহম্মদ, রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম আইনুল বারী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.
bdnews24