২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদার বাড়ি ছাড়ার খবর নিছক গুজব'

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দিচ্ছেন বলে যে গুজব ছড়িয়ে পড়েছে তা নাকচ করে দিয়েছেন তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 06:09 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দিচ্ছেন বলে যে গুজব ছড়িয়ে পড়েছে তা নাকচ করে দিয়েছেন তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান। শুক্রবার রাতে মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি চেয়ারপরসন তার সেনানিবাসের মইনুল সড়কের বাড়িটি ছেড়ে দিচ্ছেন বলে যে খবর বেরিয়েছে তা নিছক গুজব।" তিনি আরো জানান, বিরোধী দলীয় নেতা বিকালে সেনানিবাসের বাড়ি থেকে তার গুলশানের কার্যালয়ে যান। সেখানে তার সঙ্গে সাক্ষাত করেন সফররত ইউএনডিপি'র প্রশাসক হেলেন ক্লার্ক। এরপর তিনি সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আবার সেনানিবাসের বাড়িতে ফিরে যান। যাওয়ার আগে গুজব ছড়িয়ে পড়ে যে তাকে সেনানিবাসের বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। সরকারি মহল থেকে এধরনের 'গুজব' ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মারুফ কামাল খান। সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়। এর বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন। আপিল বিভাগে এর শুনানি চলছে। হাইকোর্টের রায় স্থগিত না করেই শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০০৩ঘ.