গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী সমর্থিত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা বিভাগীয় সভাপতিসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির গাজীপুর জেলা কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
জয়দেবপুর থানার ওসি আ. রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের জেলা কার্যালয়ে বসে তারা গার্মেন্টস শিল্পের পরিবেশ অশান্ত করার পরিকল্পনা করছিলেন-এমন খবর পেয়ে তাদের আটক করা হয়।
রাত পৌনে ৯টায় তিনি জানান, থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি।
আটকরা হলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা বিভাগীয় সভাপতি মো. তানভীর হোসেন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, কর্মী শরিফুল ইসলাম, আ. মতিন, শেখ আলম, আজাহারুল ইসলাম, মিজানুর রহমান, খোকন, জসিম উদ্দিন, বাবুল মিয়া, গোলাম মাওলা সেলিম, মো. সাইফুল্যাহ, আ. বাতেন, ওমর ফারুক, ও জিএম সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.
bdnews24