ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে ১০৭ জন কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকালে এই অনুমোদন হাতে পায় কারা অধিদপ্তর।
শুক্রবার সকাল থেকেই দেশের ৩৬টি কারাগার থেকে বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হয়।
কারাগারের ওপর চাপ কমাতে সরকার লঘু সাজায় আটক অনেক বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এছাড়া ঈদ ঘিরে বন্দি মুক্তির প্রক্রিয়া প্রচলিত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেল-১ শাখার উপ-সচিব কায়কোবাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় এ বছর ঈদুল আজহায় ১০৭জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
তিনি জানান, ৬৪টি জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে আইন মন্ত্রণালয়ের সুপারিশের পর রাষ্ট্রপতি এই ক্ষমা অনুমোদন করেন।
উপ-সচিব কায়কোবাদ আরো জানান, লঘু অপরাধে কারাভোগ করছেন এমন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে ৮৫ উর্ধ্ব একজন বৃদ্ধা রয়েছেন। বেশি বয়স বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
কারা মহাপরিদর্শক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকালে বন্দি মুক্তির আদেশটি আমরা পেয়েছি। শুক্রবার সকাল থেকেই বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এবছর দেশের ৩৬টি কারাগার থেকে ১০৭জন বন্দিকে মুক্তি দেওয়া হবে।"
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, শুক্রবার সেখান থেকে ৪ জন বন্দি মুক্তি পেয়েছেন।
স
bdnews24