সাতক্ষীরা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ আগস্টের বোমা হামলার আসামি তিন সন্দেহভাজন জঙ্গি জামিনে মুক্ত হওয়ার পর আবারো গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে তারা আদালত থেকে জামিনে মুক্ত হন। নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগে একইদিন গভীর রাতে তাদের ফের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। একইদিন সাতক্ষীরা থানায় তাদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়।
জেলা শহরের অদূরে মাগুরা গ্রাম থেকে গ্রেপ্তার এই তিনজন হলেন- মনোয়ার হোসেন উজ্জ্বল, মো. আসাদুজ্জামান ও আনিসুর রহমান।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের জামিনে মুক্ত হওয়ার পর তারা মাগুরা গ্রামের একটি মাঠে গোপন সভা করছিলেন।
রাত ৩টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরা শহরের সাত স্থানে বোমা হামলা হয়। ওই হামলায় তারা সরাসরি জড়িত ছিলেন বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ওই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৩ ঘ.
bdnews24