বরগুনা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার বেতাগী উপজেলায় একটি বাজারে আগুন লেগে ৫০টির বেশি দোকানপাট পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার মোকামিয়া বাজারে এই অগ্নিকাণ্ড হয়।
স্থানীয়রা জানান, বাজারের কালুর দোকান থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে বরগুনা থেকে দমকলকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হাফিজুর রহমান, নাজির, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, বাদল, তোতা মিয়া, আব্দুল হাই, কাঞ্চন, কালু, আব্দুর রহিম, বারেক মৃধা, নিরঞ্জন, শ্যামল, গোবিন্দ, আব্দুল মান্নান, নারায়ণ, করিম, আলমগীর, নিজাম, শাহ আলম, ফোরকান, জেদন আলী, আব্দুস ছালাম, দুলু গরামী, আইয়ুব আলী, ইউসুফ, নুর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক, সুনীল ও মনিরের দোকানসহ ৫০টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বরগুনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মজিবুর রহমান সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।
বেতাগী উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির, বেতাগী পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এখনো প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি দমকল বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24