২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

দুর্ঘটনায় যানবাহন আটকে পড়ায় এবং উত্তরবঙ্গ থেকে রাজধানী অভিমুখে গরু ও বিভিন্ন মাল বোঝাই ট্রাকের চাপে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার রাতের শুরু থেকে যান চলাচলের গতি খুব ধীর হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 06:00 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় যানবাহন আটকে পড়ায় এবং উত্তরবঙ্গ থেকে রাজধানী অভিমুখে গরু ও বিভিন্ন মাল বোঝাই ট্রাকের চাপে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার রাতের শুরু থেকে যান চলাচলের গতি খুব ধীর হয়ে পড়েছে। পুলিশ ও গাড়িচালকরা জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-সফিপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও ২০ মিনিটের পথ পার হতে দেড় থেকে দুই ঘণ্টারও বেশি সময় লাগছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গোড়াই মহাসড়ক থানার ওসি মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর সেতুর ওপর বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে একটি ট্রাক অপর একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিকল হয়ে পড়ায় এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইপাস সড়কে রাত সাড়ে ১১টায় ও পাকুল্যায় দুইটি দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। তিনি বলেন, "টাঙ্গাইল থেকে রেকার নিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে গিয়ে ওই যানজট দীর্ঘায়িত হয়। গাড়ি সরানোর পর শুক্রবার ভোররাতে মন্থরগতিতে চলাচল শুরু হলেও উত্তরবঙ্গ থেকে গরু ভরা হাজার হাজার ট্রাকসহ অন্যান্য গাড়ির চাপ রক্ষা করতে না পারায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট হচ্ছে।" গাইবান্ধা থেকে ঢাকাগামী গরুর ট্রাকের চালক মো. শাহজাহান মিয়া জানান, শুক্রবার রাত দেড়টার দিকে তিনি মির্জাপুরের পাকুল্যায় যানজটের কবলে পড়েন। আট ঘণ্টায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কালিয়াকৈরের মৌচাকে পৌঁছেছেন। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সহকারী লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার পর যমুনা সেতু পার হয়েই তাদের গাড়ি যানজটে পড়ে। সকাল ৮টার দিকে তিনি কালিয়াকৈরে পৌঁছান। ঢাকা থেকে কালিয়াকৈরগামী আজমেরি পরিবহনের চালক আলতাফ হোসেন সাংবদিকদের জানান, গাজীপুর সদরের ভোগড়া বাইপাস সড়কেও যানজট রয়েছে। তিনি সেখান থেকে ১২ মাইল পথ অতিক্রম করেন ৩ ঘণ্টায়। কোণাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির এএসআই হালিম গাছুয়া জানান, রাস্তার পরিসরের তুলনায় গাড়ির চাপ বেশি থাকায় যানযট হচ্ছে। কোনো কারণে গাড়ি চালু করতে একটু দেরি হলেই যানজট লেগে যায়। এছাড়া উত্তরবঙ্গ থেকে আসা হাজার হাজার গাড়ির চাপ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। দুপুর পৌনে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত হয়নি। মহাসড়ক পুলিশের সঙ্গে কালিয়াকৈর থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৫২