প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বিভিন্ন আদালতে সাজা পাওয়া পলাতক এক হাজারেরও বেশি আসামিকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।
আদালত থেকে পুলিশ বিভাগকে বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও দণ্ডিত আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন থানা থেকে তথ্য পাঠানো হচ্ছে।
হত্যা, নারী নির্যাতন, ডাকাতি, দাঙ্গা, চুরি, অপহরণ, প্রতারণাসহ গুরুতর বিভিন্ন অভিযোগের মামলায় এই আসামিদের অনুপস্থিতিতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্তি উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) ওয়ালিদ হোসেন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামির সংখ্যা এক হাজারের বেশি।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমন বহু আসামি রয়েছে যারা গুরুতর অভিযোগের মামলায় একবার জামিনে বেরিয়ে আর আদালতে হাজির হয়নি। পালিয়ে যাওয়ায় আদালত প্রতিটি ধার্য তারিখে তাদের গড় হাজির দেখিয়ে মামলার বিচার কাজ শেষ করে।"
বেশ কিছু চাঞ্চল্যকর মামলার আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে বিচারিক আদালতে আর হাজির হয়নি। অনেক আসামি অভিযোগপত্র দাখিলের আগেই জামিনে বেরিয়ে লাপাত্তা। আবার অনেকে অভিযোগপত্র দাখিলের পর পালিয়ে গেছে।
পুলিশ বলছে, আসামিরা তাদের ঠিকানায় নেই।
ঢাকার মহানগর দায়রা জজ, ঢাকার জেলা জজ, ঢাকার মুখ্য মহানগর হাকিম এবং ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে বিভিন্ন সময় সাজা পাওয়া আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করতে আদালত থেকে চলতি বছরের বিভিন্ন সময় সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।
পলাতক আসামিদের ধরার ক্ষেত্রে ব্যর্থতার ব্যাপারে পুলিশ জানাচ্ছে, আসামিদের ঠিকানায় গিয়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
২০০৬ সালের ২২ অগাস্ট নিউ এজ পত্রিকার সাংস্কৃতিক প্রতিবেদক নাবিল আবদুল লতিফ হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় দেয় ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল। চার বছর পেরিয়ে গেলেও ধরা পড়েনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজনের একজনও।
এ হত্যা মামলার বাদি হারুন অর রশিদ দাবি করেছেন যে, এই তিনজনের মধ্যে নির্জন মোস্তাকিম, শহীদুল ইসলাম পাপ্পু রাজধানীর মগবাজার ও আগামসি লেনে তাদের বাড়িতেই থাকে। অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না ।
বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়া বজলুল হুদাসহ ২৩ আসামির বিরুদ্ধে ময়মনসিংহের ত্রিশাল থানার একটি অস্ত্র মামলায় গত ৬ সেপ্টেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় হয়। বজলুল হুদা ছাড়া সাত বছর করে দণ্ড পান ফ্রিডম পার্টির ২২ নেতা-কর্মী।
মামলার কাগজপত্রে এদের মধ্যে ২৪৬, ফকিরাপুল মতিঝিলের ঠিকানা উল্লেখ করা হয় সাজাপ্রাপ্ত আবুল হোসেনের, পশ্চিম তেজতুরিবাজার তেজগাঁও উল্লেখ করা হয় আসলামের, ৬৪/এ শঙ্কর ধানমণ্ডি শামীম হেসেনের, শঙ্করের ৭৪/৩ নম্বর বাড়ি আকরাম হোসেনের, ধানমণ্ডির ৭/১ নম্বর সড়কের ৬১ নম্বর বাড়ি গোলাম রবের।
ওই আদালতের সেরেস্তা সহকারী মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার নথিতে উল্লেখিত এই ঠিকানায় তাদের পাওয়া যাচ্ছে না বলে তেজগাঁও ও ধানমণ্ডি থানা থেকে পুলিশ প্রতিবেদন পাঠানো হয় আদালতে।
আদালতের দুর্নীতিবাজ কর্মচারীরা পরোয়ানা আটকে রাখে
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. রফিকুল ইসলাম জানান, মামলার রায়ের পর পলাতক আসামিদের সাজা পরোয়ানা (কনভিকশন ওয়ারেন্ট) সংশ্লিষ্ট জেলা প্রসাশক, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু অনেক সময় আদালতের কিছু দুর্নীতি পরায়ণ কর্মচারী পলাতক দণ্ডিত আসামিদের পক্ষ থেকে মাসোহারা পেয়ে ওই পরোয়ানা আটকে রাখে।
মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গত অক্টোবর মাসের পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে ১৩শ ৬৩টি সাজা পরোয়ানা কার্যকর করা যায়নি।
এ ব্যাপারে অ্যাডভোকেট দুলাল মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদনের সঙ্গে তাদের ছবি জমা দেওয়ার নিয়ম করা উচিৎ। তাহলে ওই মামলায় যদি এসব আসামি জামিন নিয়ে পালিয়ে যায়, আর তাদের যদি এ সব মামলায় সাজা হয় তাহলে তাদেরকে সনাক্ত করা ও গ্রেপ্তারে পুলিশকে সাহায্য করতে পারবে আদালত।"
এ প্রক্রিয়ায় আদালতে আসামিদের 'প্রক্সি' দেওয়ার ঘটনাও কমবে বলে মন্তব্য করেন তিনি।
সাজাপ্রাপ্তের অবস্থান নিশ্চিত হতে পারে না পুলিশ
পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের রেজিস্ট্রার, ঢাকার দুটি পাবলিক প্রসিকিউটর কার্যালয় থেকে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ানো সাজাপ্রাপ্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহু চেষ্টা করেও সাজাপ্রাপ্তদের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি বলেন, "আসামিদের অবস্থান সম্পর্কে প্রতিবেশীরাও অনেক ক্ষেত্রে তথ্য দিতে ভয় পান। তাছাড়া নগরীর ভৌগলিক প্রতিবেশ পরিবর্তনে আসামিদের বাড়ি ঘর, অবস্থান নির্ণয় করতে পুলিশ অনেক ক্ষেত্রেই বেকায়দায় পড়ে। কারণ, নগরীতে আগে যেখানে বস্তি, নর্দমা, ঝিল ছিলো সেখানে আবাসিক এলাকা, বহুতল ভবন এমনকি পাঁচতারা হোটেলও হয়েছে। তাই তাদের দ্রুত গ্রেপ্তার করা যাচ্ছে না।"
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কর্মরত বিভিন্ন থানা এলাকার ফৌজদারি মামলার সংশ্লিষ্ট পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তারা জানান, এসব আসামি বারবার তাদের ঠিকানা, বাবার নাম, নিজের নাম পরিবর্তন করে নতুনভাবে নতুন এলাকায় অপরাধে যুক্ত হয়। এ কারণে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ে।
পলাতক আসামিদের ৭০-৮০ শতাংশই ভাসমান। এদের সুনির্দিষ্ট ঠিকানা পুলিশের রেকর্ডে থাকে না। যখন যাকে যে নামে গ্রেপ্তার করা হয় সে নামেই রেকর্ড হয়। পুলিশ কর্মকর্তারা জানান, অধিকাংশ অভিযুক্তই ভাড়া বাসায় থাকার কারণে তারা বাসা পরিবর্তন করলে আর তাদের পাওয়া যায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/কেএমএস/১০৩৭ ঘ.
bdnews24