ঝিনাইদহ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদুল আজহার এক সপ্তাহ আগে ঝিনাইদহের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগের বছরের তুলনায় গরুর দাম কম।
সারা বছরের খরচ পোষাতে পারলেও লাভের মুখ দেখা নিয়ে সংশয়ে আছেন খামারিরা। তারা গরু মোটাজাতা করে পশু কোরবানির এই ঈদে গরু বিক্রি করে থাকেন।
জেলা প্রাণি সম্পদ কার্যালয় জানায়, কোরবানির পশুহাটগুলোতে বিক্রির জন্য ঝিনাইদহের ছয় উপজেলার বিভিন্ন খামার ও কৃষকের বাড়িতে এবার প্রায় ২০ হাজার গরু মোটাতাজ করা হয়েছে।
গড়ে প্রতিটির গরুর দাম ৪০ হাজার টাকা করে ধরলে, যার আনুমানিক মূল্য দাঁড়ায় ৮০ কোটি টাকা।
ঝিনাইদহ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মকরন্দ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ বছর ধরে কৃষক ও খামারিরা কোরবানির বাজার ধরতে গরু মোটাতাজা করে আসছে।
তিনি জানান, আগে ঈদের পশুহাটগুলোতে ভারতীয় গরুর আধিক্য ছিলো। এখন আর দেখা মেলে না বললেই চলে।
ঝিনাইদহের হাবিবপুর, ভাটই, খালিশপুর, কাঁচেরকোল, ঝিনাইদহ সদর, হাটগোপালপুর, মহেশপুর, তালশার, কোটচাঁদপুর, বারোবাজার, লাঙ্গলবাঁধ, কালীগঞ্জ, ভবানীপুর, ভৈরবা, হরিণাকুন্ডু ডাকবাংলাসহ বিভিন্ন পশুহাটে প্রচুর গরু উঠছে। কেনাবেচাও শুরু হয়ে গেছে।
স্থানীয়রা জানান, এসব বাজার থেকে বড় আকারের গরু কিনে সাধারণত বেপারিরা ঢাকা ও চট্টগ্রামে নিয়ে যায়। স্থানীয়দের মধ্যে চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর।
খামারি ও গৃহস্থরা জানান, গত বছরের চেয়ে এবার গরুর দাম কম। তবে দেশি ছোট আকারের গরুর চাহিদা বেশি।
মঙ্গলবার ঝিনাইদহের বড় পশুহাট শৈলকুপার হাবিবপুরে গিয়ে দেখা যায়, প্রচুর গরু এসেছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার গরু এসেছে বলে জানালেন হাটের ইজারাদার মো. তফছের মণ্ডল।
তিনি জানান, বিভিন্ন স্থান থেকে বেপারিরাও আসতে শুরু করেছেন। তারা দর দাম দেখছেন।
শৈলকুপা উপজেলার মিনগ্রামের গরু ব্যবসায়ী গোলাম রসুল জানান, তিনি ২০ বছর ধরে গরু ব্যবসা করে আসছেন। গত বছরের চেয়ে এবার গরুর দাম কম।
তিনি জানান, গত বছর যে গরু ৫০-৫২ হাজা টাকায় বিক্রি হয়েছে, সে আকারের গরু এবার ৪০-৪২ হাজার টাকা দাম উঠেছে।
কাঁচেরকোল গ্রামের বেপারি আরিফ হোসেন জানান, গত বছর যে গরু ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সে রকম গরুর দাম উঠেছে ৩৮-৪০ হাজার টাকা।
তিনি জানান, ঈদের দুএকদিন আগে হয়তো দাম কিছুটা উঠতে পারে।
চরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তিনি ১৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে এক বছর পালন করেছেন। মঙ্গলবার হাবিবপুর হাটে এর দাম উঠেছে ২০ হাজার টাকা। তিনি গরু বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
কবিরপুর গ্রামের সাইফুল ইসলাম একটি বড় গরু এনেছেন হাবিবপুর হাটে।
তিনি জানালে, গরুটির মাংস হবে কমপক্ষে ১০ মণ। দাম উঠেছে ৫০ হাজার টাকা।
সাইফুল বলেন, "গোখাদ্যের দাম অনেক বেড়েছে। সে কারণে গরু মোটাতাজা করা আর লাভজনক নয়।"
তিনি জানান, একটি বড় আকারের গরু পালতে দৈনিক কমপক্ষে ২শ' টাকার খাদ্য লাগে। বিক্রির আগে তিন মাস বেশি খাবার দিতে হয়। নইলে নাদুস নুদুস হবে না।
হাবিবপুর হাটে বিক্রি জন্য তিনটি বড় আকারের গরু এনেছেন ওই গ্রামের নজরুল ইসলাম। বিকাল ৩টা পর্যন্ত কেউ দাম করেনি।
তিনি মনে করেন, গত তিন মাস অ্যানথ্রাক্স আতংকে লোকজন মাংস এড়িয়ে চলায় খামার বা কৃষকের গরু তেমন বিক্রি হয়নি। কোরবানি হাটে এখন সবাই গরু নিয়ে আসছে। সে কারণে দাম কম।
নজরুল জানালেন, গত বছর যে গরু এক লাখ টাকায় বিক্রি হয়েছিলো, সে রকম গরু এবার ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
গরুর দাম কম হলেও এবার ছাগলের দাম চড়া বলে জানালেন ব্যবসায়ীরা।
ছাগল ব্যসায়ী মুকুল জানান, ১৫ কেজি মাংস হবে- এমন আকারের একটি খাসি ছাগল ৬ হাজার টাকার কমে কেনা যাচ্ছে না। গত বছর যার দাম ছিল ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০৮৪৭ ঘ.
bdnews24