২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচার ব্যবস্থার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায় আজ প্রশ্নবিদ্ধ। উচ্চ ও নিম্ন কোনো আদালত সম্পর্কেই মানুষের ধারণা ভাল নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 06:50 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচার ব্যবস্থার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায় আজ প্রশ্নবিদ্ধ। উচ্চ ও নিম্ন কোনো আদালত সম্পর্কেই মানুষের ধারণা ভাল নয়। বৃহস্পতিবার রাতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত নতুন নিয়োগ পাওয়া সহকারী জজ ও বিচারিক হাকিমদের ১০১তম বিচার প্রশাসন মৌলিক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার সার্বিক অবস্থার প্রেক্ষাপটে প্রত্যেক কাজে বিচারকদের স্বচ্ছতা বজায় রাখার আহবান জানিয়ে বলেন, প্রকাশ্য আদালতে রায় ও আদেশ দিতে হবে। তিনি বিচারকদের উদ্দেশে বলেন, "আইন মেনে চলবেন। কে কী বলল, চিন্তা করবেন না। বিবেক অনুসারে বিচারকাজ করবেন।" প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের সংবিধান ত্রিশ লাখ শহীদের রক্তে তৈরি। এই সংবিধান লংঘনের ক্ষমতা কারো নেই। যত উচ্চ পদে যে আসীন থাকুন না কেন সংবিধান মানতে সবাই বাধ্য। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সবাই সংবিধান মানতে বাধ্য। তিনি আরো বলেন, "আমরা সবাই জনগণের সেবক। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সবাই জনগণের সেবক। যে যত উচ্চ পদে সে জনগণের তত বড় সেবক।" "আমরা কখনো সংবিধান ভঙ্গ করব না। সংবিধান সামান্য সামান্য করে ভঙ্গ করতে থাকলে এর কোনো অবশিষ্ট থাকবে না। কোনো অজুহাতেই সংবিধান ভঙ্গ করা যাবে না।" অনুষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ৩৭ সহকারী জজ ও বিচারিক হাকিমকে বিচার প্রশাসন মৌলিক প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান করেন প্রধান বিচারপতি। এছাড়া বক্তব্য রাখেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাসচিব বিচারপতি মো. হামিদুল হক ও সহকারী জজ হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বেশ কয়েকজন বিচারপতি, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/০০১৫ঘ.