চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঢাকায় জিজ্ঞাসাবাদ শেষে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়েছে।
ঢাকায় সিআইডি সদর দপ্তরে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে সরাসরি সড়কপথে চট্টগ্রামে এনে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বাবরকে মহানগর হাকিম ফজলুল বারীর আদালতে হাজির করা হয়।
রাত সাড়ে ১০টা নাগাদ আদালত বাবরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বাবর আদালতে কোনো জবানবন্দি দেননি। তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে জিজ্ঞাসাবাদ শেষে সরাসরি তাকে আদালতে নিয়ে আসা হয়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"
বাবরের পক্ষে বঙ্গবন্ধু হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা ও জামিনের আবেদন জানান আইনজীবী নুরুল ইসলাম ও মফিজুল ইসলাম ভুঁইয়া। আদালত জামিন না মঞ্জুর এবং জেলবিধি অনুযায়ী বাবরের চিকিৎসার ব্যবস্থা নিতে কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে বাবর অস্ত্র মামলায় এনএসআই'র সাবেক প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওই অস্ত্র চালানে যুক্ত থাকা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ওই তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনে বাবরকে আবারো হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় এই মামলার বিভিন্ন দিক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এছাড়া এর আগে এই মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়া সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তার বক্তব্যও মিলিয়ে দেখা হয়েছে বলে তিনি জানান।
রোববার সকালে চট্টগ্রাম কারাগার থেকে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ঢাকায় সিআইডি সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে টিএফআই সেলে তাকে ১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ১ নভেম্বর বাবরকে পাঁচদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমাান। এর আগে আরেক হাকিম ফজলুল বারী ৩ অক্টোবর সিআইডি'র আবেদনের প্রেক্ষিতে বাবরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র গোলাবারুদ আটক ও চোরাচালানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর যুক্ত থাকার বিষয়টি গ্রেপ্তার অন্য আসামিদের জবানিতে উঠে এসেছে।
তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করে মামলার তদন্ত অন্য খাতে প্রভাবিত করার অভিযোগও উঠে এসেছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। সরকারি তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৫৯ ঘ.
bdnews24