২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানের হেলেপড়া ভবন ভাঙা শুরু

রাজধানীর কাঠালবাগান এলাকায় হেলেপড়া ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কাঠালবাগান এলাকায় হেলেপড়া ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল পরীক্ষামূলকভাবে ভবনটির ছাদের কিছু অংশ ভাঙেন। বিশেষজ্ঞ দলের সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটির ছাদের কিছু অংশ ভাঙা শুরু হয়েছে। তবে এটি পরীক্ষামূলক। এরপর পুরোপুরি ভাঙার কাজ শুরু হবে। ছাদের কিছু অংশ ভাঙার মাধ্যমে কম্পন পরীক্ষা করা হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ভবনটি পুরোদমে ভাঙা শুরু হলে সৃষ্ট কম্পনে এটি ধ্বসে পড়বে কি-না তা পরীক্ষা করে দেখা হয়েছে। তবে ভবনটি ধ্বসে পড়বেনা বলে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন। আটজন শ্রমিক বিকেলে প্রথমবারের মতো ভবনটিতে প্রবেশ করে। বিশেষজ্ঞ দলের প্রধান বুয়েটের সাবেক ভিসি ড. সফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটি ভাঙার কাজ আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হবে। প্রস্তুতি হিসেবে সকালে ভবনের চারপাশ নেট দিয়ে ঘিরে ফেলা হবে। পরে শ্রমিকরা ভাঙার কাজ শুরু করবে। তবে হেলেপড়া ভবনটি ভাঙতে কতদিন লাগবে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি ড. সফিউল্লাহ। রাজউকের অথারাইজড অফিসার (১) আমিনুর রহমান জানান, শ্রমিকরা শুক্রবার দুপুরের পর পার্শ্ববর্তী নাসির টাওয়ারের চতুর্থ তলা থেকে ভবনটিতে প্রবেশ করে ভাঙ্গার কাজ শুরু করবে। প্রাথমিকভাবে ১০জন শ্রমিক এ কাজে অংশ নেবে। । রোববার রাত সোয়া ১১টার দিকে 'এশিয়া হায়দার টাওয়ার' নামে নির্মাণাধীন ছয়তলা ভবনটির পিলার ভেঙ্গে নিচের তলাটি দেবে যায়। এর পাশে পূর্বদিকের ১৬-তলা ভবন নাসির টাওয়ারও সামান্য হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পার্শ্ববর্তী অন্যান্য ভবনের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন আত্বীয়-স্বজনদের বাসায়। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে হেলেপড়া ভবনটি ভাঙার কাজ বিলম্বিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২০১৭ ঘ.