২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর সরকারের বৈধতা যাচাই তদন্ত দলের

মুজিবনগর সরকারের বৈধতা খতিয়ে দেখতে সাক্ষ্য প্রমাণ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

মেহেরপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুজিবনগর সরকারের বৈধতা খতিয়ে দেখতে সাক্ষ্য প্রমাণ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। বুধবার তিন সদস্যের তদন্ত দল দেশের প্রথম সরকার গঠনের স্থান মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগগর সরকার গঠনের প্রত্যক্ষদর্শী পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়। এরা হলেন- মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া আনসার সদস্য সিরাজ উদ্দিন শেখ, আজিমুদ্দিন আলী, লিয়াকত আলী, হামিদুল হক এবং তাদের নেতৃত্ব দেওয়া তৎকালীন ক্যাপ্টেন মাহাবুব উদ্দিন আহমেদ। আনসারের ১২ সদস্যের একটি দল দেশের প্রথম এ সরকারকে গার্ড অব অনার দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মতিয়ার রহমান বলেন, "মুজিবনগর সরকারের বৈধ্যতা ছিল কিনা তা খতিয়ে দেখতে এই সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়।" তিনি জানান, তদন্তকালে একাধিক প্রত্যক্ষ্যদর্শীর সাক্ষ্য ও দলিলপত্রের মাধ্যমে মুজিবনগর সরকারের বৈধ্যতার বিষয়টি প্রমাণ হয়েছে। যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে এ সরকারের বৈধতার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। তদন্ত কর্মকর্তা বলেন, মুজিবনগর সরকার নয় মাসের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করেছিল। মুজিবনগরেই প্রথম সরকারের শপথ গ্রহণ, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়। এ সময় তদন্ত দলের অপর দুই সদস্য সহকারী পুলিশ সুপার নূরুল ইসলাম ও পুলিশের উপ-পরিদর্শক শ্যামল চৌধুরী উপস্থিত ছিলেন। পরে তদন্তদল মেহেরপুরে যুদ্ধাপরাধ সংঘটনের বিভিন্ন স্থানসহ গণকবর পরিদর্শন ও প্রত্যক্ষ্যদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। মঙ্গলবার রাতে এ তদন্তদল মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছায়। পরে তারা স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্থানীয় সাংসদ জয়নাল আবেদীন, জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২০৭ ঘ.