চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের 'সন্ধান ও মুক্তি'র দাবিতে মানবন্ধন করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানবন্ধনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো মহিউদ্দিন, পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, বোয়ালখালী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ।
শহীদুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সন্ধ্যা পর্যন্ত নজরুল ইসলামের কোনো খোঁজ মেলেনি। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত একাধিকবার র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলেও র্যাব কর্তৃপক্ষ এখনো আমাদের কিছুই জানায় নি।"
বিএনপি নেতৃবৃন্দ দাবি করছেন, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী কয়েকজন লোক ধরে নিয়ে যায়।
নজরুল ইসলামকে চট্টগ্রামের চান্দগাঁও র্যাব- ৭ এর অস্থায়ী ফাঁড়িতে রাখা হয়েছে এমন গুজবের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই ফাঁড়িটি ঘেরাও করে বিএনপির নেতাকর্মীরা।
ওইসময় র্যাবের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় র্যাবের লাঠিপেটায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন বলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী দাবি করেন।
পরে রাত ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী অবিলম্বে নজরুল ইসলামকে উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/১৯৩৯ ঘ.
bdnews24