২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে রাতভর সংঘর্ষ-গোলাগুলি

মুন্সীগঞ্জের চরাঞ্চলে স্থানীয় দুটি পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের চরাঞ্চলে স্থানীয় দুটি পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত মঙ্গলবার সকাল পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটায় এই সংঘর্ষের ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ২০ জন। স্থানীয়রা বলেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহ আলম মল্লিক ও রিপন মল্লিকের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুটি গ্র"পই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হান্নান জানান। তিনি সাংবাদিকদের জানান, রাতেই পুলিশ বাদি হয়ে ৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতভর হামলা পাল্টা হামলা, বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে চরাঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পরে আবার দুপক্ষই বিচ্ছিন্নভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে থাকে। এক পর্যায়ে ওই এলাকার কংসপুড়া গ্রামের হাশেম আলীর ছেলে কালাম (২৩) গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে কালাম মারা গেছেন- এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে আবার গোলাগুলি ও বোমা ফাটানোর ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত গোলাগুলি ও বোমা ফাটানোর ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে এলাকার লোকজন নিরাপদ স্থানে সরে যায়। সংঘর্ষে আহতরা গ্রেপ্তার এড়াতে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে না এসে গোপনে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলেও এলাকাবাসী জানায়। এএসআই হান্নান জানান, সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.