২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি: শুনানির আগেই হট্টগোল

ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শুরুর আগে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে হট্টগোল সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 08:26 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শুরুর আগে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে হট্টগোল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ওই শুনানি শুরু হওয়ার কথা থাকলেও হট্টগোলের কারণে আধা ঘণ্টা পর চেম্বার বিচাপতি এজলাসে ঢোকেন। বিএনপি সমর্থক আইনজীবীদের একটি বড় অংশ আদালতে উপস্থিত হয়েছেন। দুপুর ২টায় এজলাসে ঢোকা নিয়ে তাদের সঙ্গে সরকার সমর্থক আইনজীবীর তর্কাতর্কি শুরু হয়। তবে জ্যেষ্ঠ আইনজীবীরা তাদের শান্ত করেন। আদালতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাজ রেজাসহ সরকারি আইন কর্মকর্তারা রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের মধ্যে রয়েছেন- টিএইচ খান, মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। এই শুনানিকে কেন্দ্র করে আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোমবার আপিলের আবেদন করেন খালেদা জিয়া, যদিও বিএনপি নেতারা এ বাড়ির ফয়সালা রাজপথে করার কথা বলে আসছেন। ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে হাইকোর্ট। একমাসের মধ্যে বিএনপি চেয়ারপারসনকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়। বাড়ি ছাড়ার জন্য খালেদাকে দেওয়া সময় ১২ নভেম্বর শেষ হচ্ছে। তার চার দিন আগেই আপিলের আবেদন হলো। খালেদা হাইকোর্টের রায় স্থগিত রাখার আবেদনও করেছেন। বেশ কয়েকটি যুক্তি তুলে আপিলের আবেদন করেছেন খালেদা। তিনি বলেছেন, হাইকোর্টের রায়ে প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের নজির অনুসরণ করা হয়নি। আবেদনে বলা হয়েছে, "রিট আবেদনের শুনানির সময় হাইকোর্ট ওই বাড়ির নথি তলব করেছিলো। ওই নথি বলছে, বাড়িটি সেনানিবাসের খ-৪ তালিকার সম্পত্তি, যা লিজ দেওয়া যায়। সাবেক অনেক সেনা কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তি খ-৪ তালিকার সম্পত্তি ইজারা নিয়ে বাড়ি তুলে বসবাস করছেন।" "শুধু অ্যাটর্নি জেনারেলের মুখের কথায় ওই বাড়ি ক-১ তালিকার সম্পত্তি হিসেবে চিহ্নিত করে হাইকোর্ট রায় দিয়েছে, যা আইনসম্মত হয়নি", বলা হয় ওই আবেদনে। জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে আপিল আবেদনে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই সরকার ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে 'উৎখাত' করতে চাইছে। ২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে পক্ষে আদেশ পাননি খালেদা। হাইকোর্ট রায়ে বলেছে, সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদাকে যে নোটিশ দেওয়া হয়েছিলো, তা বৈধ। বিতর্কিত ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ জুন খালেদাকে ১৬৫ কাঠার ওই বাড়িটি দেওয়া হয়েছিলো। জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওই বাড়িতেই ছিলেন। পরে খালেদা জিয়াও একই বাড়িতে থেকে আসছিলেন। হাইকোর্টের রায়ে বলা হয়, সেনাবাহিনী প্রধানের আদেশে ও রাষ্ট্রপতির অনুমোদনে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ইজারা দেওয়া চরম বেআইনি ও জনস্বার্থের পরিপন্থী। কারণ কোনো সরকারি সম্পত্তি বরাদ্দ দেওয়ার এখতিয়ার সেনাবাহিনী প্রধানের নেই। প্রধান বিরোধী দল বিএনপির সংসদ বর্জনের ক্ষেত্রে সেনানিবাসের মইনুল সড়কের ওই বাড়িটি ছাড়ার নোটিশও জড়িয়ে আছে। সংসদে ফেরার শর্ত হিসেবে ওই নোটিশ প্রত্যাহারের দাবি এক সময় তুলে ধরেছিলো বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.