২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে'

কৃষি উন্নয়ন ছাড়া দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ সম্ভব নয়। এজন্য কৃষিতে আরো বেশি করে বিনিয়োগ করতে হবে। কৃষকদের বিনিয়োগের ঝুঁকি কমাতে কৃষি বীমাও চালু করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 06:04 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উন্নয়ন ছাড়া দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ সম্ভব নয়। এজন্য কৃষিতে আরো বেশি করে বিনিয়োগ করতে হবে। কৃষকদের বিনিয়োগের ঝুঁকি কমাতে কৃষি বীমাও চালু করতে হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত 'বাংলাদেশ: টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ। আলোচকরা দেশে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ক্ষুদ্র ঋণ কার্যক্রম তদারকি এবং এগুলোর ঋণের ওপর সুদের হার কমানোর পক্ষে মত প্রকাশ করেন। এজন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ এবং এনজিওগুলোর খপ্পর থেকে রক্ষা করারও আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশে এক সময় মহাজন ব্যবস্থা ছিল, এখন আর তা নেই। কিন্তু এখনো একই কায়দায় দেশের মানুষকে শোষণ করা হচ্ছে। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজের কথা বলে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের মানুষের টাকা-পয়সা লুটে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. একেএম মসিউর রহমান কৃষি বীমার দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, কৃষকরা কৃষিতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে থাকে। তাই তাদের জন্য কৃষি বীমার ব্যবস্থা অবশ্যই করা উচিৎ। এক্ষেত্রে সরকারকেই বড় দায়িত্ব পালন করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারও কৃষি বীমা চালুর প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন বা গ্রামীণ উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে এনজিওগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এনজিওগুলোর ঋণের সুদ অত্যন্ত চড়া। এই সুদ কমানো উচিত। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ক্ষুদ্র ঋণ নিয়ে এনজিওগুলোকে অনেকে ঢালাওভাবে দোষারোপ করছে। এটা করা উচিৎ নয়। কারণ দেশের প্রায় দুই কোটি মানুষ বর্তমানে ক্ষুদ্র ঋণ গ্রহীতা। প্রায় আট শতাংশ মানুষ এ ঋণ নিয়েই ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় পৌনে দুই কোটি লোক বেকার অবস্থায় রয়েছে। জিডিপির অগ্রগতিতে জোয়ার আনতে হলে এদের কাজের ব্যবস্থা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২৩৫৫ ঘ.