ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে পদোন্নতি নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করার কথিত অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
সেইসঙ্গে 'বঞ্চিত' কর্মকর্তাদের পদোন্নতি না দেওয়ার কারণ কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।
সোমবার সংসদ ভবনে সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন।
এ সম্পর্কে এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, বৈঠকে জনপ্রশাসনে পদোন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা ঠিকমতো মানা হচ্ছে না বলে যে অভিযোগ রয়েছে সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কী কারণে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না তা কমিটিকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে গত বছরের ৭ সেপ্টেম্বর যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৬০জন, উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে ১৬৩ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে ২৭১ জনকে পদোন্নতি দেয়।
এটি এ সরকারের আমলে জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি। এ নিয়ে প্রশাসনে অসন্তোষ দেখা দেয়।
সর্বশেষ গত ১৯ অক্টোবর প্রশাসনে বড়ধরনের রদবদল করা হয়। এসময় তথ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ ১৭টি দপ্তরের সচিব পরিবর্তন হয়। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় চার সচিবকে।
এর আগে গত বছরের ১৫ জানুয়ারি প্রশাসনে প্রথমবার বড় ধরনের রদবদলে সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে পরিবর্তন আনে সরকার। এর মধ্যে চারজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়।
১৯ জানুয়ারি প্রশাসনের সচিব পর্যায়ের ১০ কর্মকর্তা ও যুগ্ম-সচিব পর্যায়ের ১০ কর্মকর্তার পদে রদবদল করা হয়।
এরপর গত বছরের ৭ সেপ্টেম্বর ৪৯৪ কর্মকর্তার একযোগে পদোন্নতির পরদিনই পদোন্নতি না পাওয়ারা মন্ত্রিপরিষদ সচিব ও সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) প্রধান এম আবদুল আজিজ ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করে তাদের বঞ্চনার কথা জানান। সেইসঙ্গে তাদের বিষয়টি পুনর্বিবেচনার জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ওই পদোন্নতির ঘটনার পর পরবর্তী নয়দিনে 'বঞ্চিত' চারশ কর্মকর্তা তাদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত পর্যালোচনার জন্য রিভিউ কমিটিতে আবেদন করেন।
ওই সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা বঞ্চিত- এটা বলা যাবে না। অনেকের বিরুদ্ধেই অভিযোগ আছে, বিভাগীয় মামলা আছে।
"কারও পদোন্নতির যথাযথ নম্বর নেই। আবার কারও এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) খারাপ। এসব কারণেই অনেকে বাদ পড়েছে। তাদের আবেদন সংস্থাপন মন্ত্রণালয় বিবেচনা করে দেখছে।"
এরপর ১৫ অক্টোবর সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ জানিয়েছিলেন, প্রশাসনকে গতিশীল ও জবাবদিহিমূলক করতে 'স্বচ্ছ পদোন্নতি' নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের কাজও শেষ পর্যায়ে বলে জানান তিনি।
সচিব বলেন, "সরকার প্রশাসনে সংস্কারের উদ্যোগ নিয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্যই। জবাবদিহিতামূলক প্রশাসন করতে একটি স্বচ্ছ পদোন্নতি নীতিমালা প্রণয়নের চেষ্টা করছি। এ নীতিমালা হবে স্ফটিকের মতো স্বচ্ছ। এতে পদোন্নতি নিয়ে আর কোনও প্রশ্নই উঠবে না। যিনি ভালো কাজ করবেন তিনি দ্রুত পদোন্নতি পাবেন।"
ইকবাল মাহমুদ ওই সময় এও দাবি করেন যে, পদোন্নতি 'অসন্তোষে' প্রশাসনে কোনও ধরনের অস্থিরতা নেই। গত পদোন্নতির ক্ষেত্রে এসএসবি'র নীতিমালাও পরিবর্তন হয় নি। নীতিমালা ভঙ্গ হয়েছে- এমন বিষয়ও তার জানা নেই।
বর্তমান সরকারের আমলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওএসডি) অতীত রেকর্ড ভাঙ্গেনি বলেও দাবি করেন সংস্থাপন সচিব।
প্রায় ৫শ' পদোন্নতি পাওয়া কর্মকর্তার পদায়ন সম্পন্ন হতে 'একটু সময় লাগবে' বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২১২ ঘ.
bdnews24