ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী, ঝিনাইদহ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
এর মধ্যে রাজশাহী ও ঝিনাইদহে একজন করে এবং গোপালগঞ্জে দুজন মারা গেছে।
রোববার রাত ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানান।
রাজশাহী: গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি মোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় এন্তাজ আলী (৬০) নামে একজন মারা যান।
পুলিশ জানিয়েছে, তার বাড়ি উপজেলার ফাগুয়ান গ্রামে।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসালাম সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে এন্তাজ আলী রাস্তার পর হওয়ার সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে রোববার সন্ধ্যায় ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে লাকী (১২) নামে একজন মারা গেছে।
লাকী শৈলকুপা উপজেলার ষষ্ঠীবর গ্রামের গোলাম রসুলের মেয়ে। সে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো।
শৈলকুপা থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় শৈলকুপা সদর থেকে বাজার করে ভ্যানে করে বাড়ি ফিরছিলো লাকী। ঝাউদিয়া গ্রামে আসার পর লাকীর ওড়না ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়।
তাকে আশংকাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুলবাড়িয়া পোড়া ব্রিজের কাছে সোমবার ভোররাতে নসিমন উল্টে চালক মাহবুব শেখ (৩৫) মারা গেছেন।
মাহাবুবের বাড়ি সদর উপজেলার শুকতাইল গ্রামে।
কাশিয়ানী থানার এসআই হাসিমুজ্জামান সাংবাদিকদের জানান, ভোররাত ৪টার দিকে ওইস্থানে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত বাস ও ট্রাকে ডাকাতি করছিলো।
স্থানীয় যান্ত্রিক যান নসিমন নিয়ে দ্রুত পালিয়ে আসার চেষ্টা করলে এর চালক মাহবুব দুর্ঘটনার শিকার হন।
আহত অবস্থায় কাশিয়ানী হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
সোমবার দুপুরে সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় মনির হোসেন কাজী (১৮) নামের একজন মারা গেছে।
নিহত মনিরের বাড়ী কাজী গোলাবাড়িয়া গ্রামে।
সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১১ ঘ.
bdnews24