বেনাপোল, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের বেনাপোলে কুপিয়ে ও শ্বাসরোধ করে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতে শার্শা উপজেলার বেনাপোলের গাতিপাড়া ও কাগজপুকুর গ্রামে এই দুটি হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- গাতিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে তৌহিদুল এবং পাটবাড়ী গ্রামের দুখু মিয়ার ছেলে বাবলুর রহমান।
বেনাপোল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, পূর্ব শত্র"তার জের ধরে রোববার রাতের কোনো এক সময় তৌহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার ভোরের দিকে তাকে কুপিয়ে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায় তারা।
দুপুরের দিকে কৃষকরা মাঠে কাজ করার সময় তৌহিদের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
এসআই জানান, কাগজপুকুর গ্রামের লোকজন একটি ফিলিং স্টেশনের পিছনে ধান ক্ষেতে হাত-পা বাঁধা এক ব্যক্তির মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়।
পরে সনাক্ত হয় লাশটি পাটবাড়ী গ্রামের ভ্যানচালক বাবলুর রহমানের।
পুলিশ কর্মকর্তা শাহদৎ জানান, রোববার রাতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর হাত-পা বেঁধে ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাবলুর ভাগ্নে ফিরোজ আহম্মেদ ও তার সহযোগী বাপ্পীকে পুলিশ আটক করেছে।
লাশ দুটি ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুটি মামলা হয়েছে বন্দর থানায় বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24