ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনিক কর্মকর্তারা যেন চাকরির আচরণবিধি অনুযায়ী জনপ্রতিনিধিদের সম্মান দেন সে বিষয়ে সরকারি নির্দেশ জারির সুপারিশ করেছে সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের এ স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ বিষয়ে পরিপত্র জারির সুপারিশ করা হয় বলে এক তথ্য বিবরণীতে বলা হয়েছে।
একইসঙ্গে স্থায়ী কমিটি প্রশাসনে পদোন্নতি নীতিমালা সঠিকভাবে অনুসরণ না করা বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে। এ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কেন পদোন্নতি দিচ্ছে না- সে বিষয়ে কমিটিকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়।
কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে প্রশাসন ক্যাডারের সব কর্মকর্তাদের ডাটাবেজ সংরক্ষণ ও হালনাগাদ করার সুপারিশ করা হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, স্থায়ী কমিটির সভায় সব কর্মকর্তাকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে নতুন কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণের সুপারিশ করা হয়।
বৈঠকে বেসামরিক প্রশাসনে পদোন্নতি বিষয়ে আলোচনা হয়। পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা ঠিকমতো মানা হচ্ছে না বলে যে অভিযোগ রয়েছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।
বৈঠকে জানানো হয়, অতি সম্প্রতি অন্য সব ক্যাডার কর্মকর্তাদের ডাটাবেজ তৈরির কাজ হাতে নিয়েছে পিএসসি। ইতোমধ্যে ১২টি ক্যাডারের ডাটাবেজ তৈরি হয়েছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের সব কর্মকর্তাসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যান্য ক্যাডারের উপসচিব ও তদুর্ধ্ব কর্মকর্তাদের ডাটাবেজ সংরক্ষণ ও হালনাগাদ ১৯৮৬ সাল থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের পিএসসি কর্তৃক ব্যবস্থাপনা করা হয়।
কমিটির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মো. বরকত উল্লাহ্ বুলু, এইচএন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, মো. আবু তালহা, এমএ মান্নান এবং জাহানারা বেগম বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮০৮ ঘ.
bdnews24