২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ পরীক্ষার্থী

বগুড়ায় জেএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে ছয় শিক্ষার্থী। (সংশোধন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

বগুড়া, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় জেএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে ছয় শিক্ষার্থী। (সংশোধন) শিবগঞ্জ উপজেলার কাশীপুর এলাকায় বগুড়া-রংপুর সড়কে সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শিক্ষার্থীরা সবাই শ্যালোইঞ্জিনচালিত যান ভটভটিতে ছিলো। নিহতরা হলেন- সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র দেলোয়ার হোসেন (১৪), রেজাউল করিম রনি (১৫), শরিফুল ইসলাম (১৪), দিলবার হোসেন (১৪), মোস্তাফিজুর রহমান (১৫), জাহিদ হাসান (১৩)। দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এরা হলেন- শিবগঞ্জ উপজেলার গোলাম কবির (১৪), সোহেল (১৫), ফারুক হোসে (১৫), মাহফুজ (১৪), চালক শাহজাহান আলী (৩৮) এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় সফিকুল ইসলাম (৪০)। তাদের মধ্যে ভটভটির চালক ছাড়া বাকিদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভটভটির সঙ্গে রংপুরগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার শিক্ষার্থী মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরো দুই ছাত্রের মৃত্যু হয় বলে তিনি জানান। ভটভটি চালকের বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি পালিয়ে গেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা। ওসি আরো বলেন, ভটভটিতে করে ১১ পরীক্ষার্থী মোকামতলা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলো। বগুড়ার হাইওয়ে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট শাহ মো. আব্দুর রউফ জানান, দুর্ঘটনার পর বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯০০ ঘ.