বরিশাল, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় এক সেনাসদস্যকে কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবুল হোসেন বেপারী রোববার বিকালে মো. মাহাবুব আলম (৩৪) নামে ওই সেনাসদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাহবুব রাঙামাটির নানিয়ারচর সেনানিবাসে কর্মরত। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়ায়।
এ মামলায় মাহবুব জামিন চাইলেও বিচারক সে আবেন নাকচ করে।
বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামের তাজমিন নাহার লিমার সঙ্গে ২০০৫ সালের ২৯ জুলাই মাহবুবের বিয়ে হয়। বিয়ের আড়াই বছরের পর তাদের একটি কন্যা শিশু হয়।
লিমার অভিযোগ, মেয়ে হওয়ার পর মাহবুব তাকে বাবার বাড়ি ফেলে রাখে। পুনরায় আনতে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই টাকা দিয়ে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ছিলো তার।
এ বছরের ২ এপ্রিল কালেরকাঠীতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজন লিমাকে মারধর করে অভিযোগ করেছেন তিনি। এরপরই লিমা মামলা করেন। গত৯ এপ্রিল মামলাটি বাকেরগঞ্জ থানায় নথিভুক্ত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হুমায়ুন কবিরক গত ৭ জুলাই মাহবুব এবং তার মা, ভাই-বোনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24