ঝালকাঠী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় ডাকাতের গুলিতে আহত হয়েছেন সাত জন।
চেচরিরামপুর ইউনিয়নের দক্ষিণ চেচড়ি গ্রামে সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন।
এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মাল লুট করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ সাত জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আট জন ডাকাতের হামলায় আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- জামাল খান (৪০), এনায়েত হোসেন খান (৩৮), সিদ্দিক হাওলাদার (৪৫), জাহিদুল ইসলাম (১৫), ফরিদ হাওলাদার (১৬), মিরাজ খান (১৭) ও মহারাজ হাওলাদার (৩৮)।
দক্ষিণ চেচড়ি গ্রামের আরিফদের বাড়িতে ওই ডাকাতি হয়।
আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল সশস্ত্র ডাকাত সিঁদ কেটে তাদের বাড়িতে ঢোকে। অস্ত্রের মুখে তাদের সবাইকে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় আরিফের মা চিৎকার করলে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে। ওই সময় প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে আরিফ জানান। ওই সময় গুলিবিদ্ধ হন সাত জন।
কাঁঠালিয়া থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, পুলিশ ডাকাতদের আটকের চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24