চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত শ্রমিক নেতা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আবুল বাশারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের রাজনৈতিক ও শ্রমিক নেতারা।
সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বর্ষীয়ান এ নেতার মরদেহ আনা হলে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানান।
প্রবীণ এ কমিউনিস্ট নেতা রোববার ঢাকায় এক হাসপাতালে মারা যান।
সারাদেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আবুল বাশার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় চট্টগ্রামে অতিবাহিত হওয়ায় তার মরদেহ এখানে আনা হয়।
এসময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি শ্রমিকনেতা আহসান উল্লাহ চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ ইসহাক মিয়া, সাবেক সাংসদ ও গণফোরাম নেতা এম কফিল উদ্দিন, সিপিবি জেলা সভাপতি মৃণাল চৌধুরী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, শ্রমিক লীগ নেতা শফর আলী, শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মছিউদ্দোল্লা, বাসদ, জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ সংহতি আন্দোলন, ছাত্রমৈত্রী, যুব মৈত্রী, ছাত্র ইউনিয়ন, উদীচী, সমাজ সমীক্ষা সংঘ এবং বিভিন্ন সংগঠন আবুল বাশারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আবুল বাশারের দীর্ঘ শ্রমিক রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় স্মরণ করেন।
এরপর শহীদ মিনার চত্বরে নামাজে জানাজা শেষে আবুল বাশারের মরদেহ তাঁর গ্রামের বাড়ি লক্ষীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৪৪৩ ঘ.
bdnews24