২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় বাস চাপায় নিহত ৫

মাদারীপুর, বরিশাল ও নড়াইলে সোমবার সড়ক দুর্ঘটনায় হত্যা মামলার দুই আসামিসহ পাঁচ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর, বরিশাল ও নড়াইলে সোমবার সড়ক দুর্ঘটনায় হত্যা মামলার দুই আসামিসহ পাঁচ জন নিহত হয়েছে। মাদারীপুর সদর উপজেলায় বাসের চাপায় হত্যা মামলার দুই আসামিসহ তিনজন এবং বরিশালের মুলাদী উপজেলায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নড়াইলে নিহত হয়েছে আরো একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো সংবাদ: মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় হত্যা মামলার দুই আসামিসহ তিন মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- রাজৈর উপজেলার তেলিকান্দি গ্রামের আকু মাদবর (৬০), একই উপজেলার আমগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু চ্যাটার্জীর ছেলে পলাশ চ্যাটার্জী (৩০) ও মাদারীপুর পৌর শহরের চরমুগরিয়ার নূর ইসলামের ছেলে মামুন (২৮)। মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আকু মাদবর ও পলাশ চ্যাটার্জী রাজৈরের ব্যাংক কর্মকর্তা খবির হত্যা মামলার আসামি। জামিনে থাকা এই দুই আসামি হত্যা মামলায় মাদারীপুর আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন।" তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস ঘটকচরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। এ সময় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে। লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। বরিশাল : বরিশালের মুলাদী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মীরগঞ্জ-মৃধারহাট সড়কের চর কমিশনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সরভানু বেগম (৮০) চর কমিশনার এলাকার মন্নাত হাওলাদারের স্ত্রী। মুলাদী থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, চিকিৎসার জন্য মুলাদী বন্দরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন সরভানু। এ সময় মীরগঞ্জ থেকে মৃধারহাটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সরভানু মারা যায়। তবে বাস যাত্রীদের কেউ আহত হয়নি। নড়াইল: নড়াইল-কালিয়া সড়কের সদর উপজেলার আউডিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের চাঁনমারী নামক স্থানে সোমবার বাসের চাপায় একজন সাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহত সুকুর আলী (৫২) সদর উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. নওশের আলীর ছেলে। আহত আশরাফ আলীকে (৪২) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বিশ্বাস জানান, কালিয়া থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুকুর আলী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৪৯ ঘ.