২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুর-ডোবা ভরাট করে তৈরি হয়েছে ভবন

রাজধানীর কাঠালবাগান পুকুরপাড় এলাকায় রোববার রাতে হেলে পড়েছে একটি ভবন। এলাকাবাসী বলেছেন, এই এলাকায় পুকুর আর ডোবা ভরাট করে তোলা হয়েছে একের পর এক সুউচ্চ ভবন। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 05:10 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঠালবাগান ঢাল এলাকায় বেশীরভাগ সুউচ্চভবন পুকুর অথবা ডোবা ভরাট করে তৈরি করা হয়েছে। রোববার রাতে কাঠালবাগান পুকুরপাড় এলাকায় যে ভবনটি হেলে পড়েছে সেই স্থানটি ছিল একটি পুকুর। আর তার আশপাশে ছিল ডোবা। পুকুর আর ডোবা ভরাট করে সেখানে গড়ে তোলা হয়েছে একের পর এক সুউচ্চ ভবন। রোববার রাতে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। কাঠালবাগান এলাকার প্রবীণ বাসিন্দা আফসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুকুরপাড় নাম করা হয়েছে কারণ, এখানে বিরাট একটি পুকুর ছিল। ১৯৯০ সালের পর এ পুকুর ভরাট করে একের পর এক বাড়ি বানানো শুরু হয়। পুকুরপাড়ের আশপাশ এলাকাও নিচু ছিল। ধীরে ধীরে এসব স্থান ভরাট করে বাড়ি উঠতে থাকে বলে জানান আফসার আলী। সরেজমিনে দেখা যায়, পুকুরপাড় এলাকায় মাত্র ৮ থেকে ১০ ফুট রাস্তার পাশে সারিবদ্ধভাবে একের পর এক সুউচ্চ ভবন গড়ে তোলা হয়েছে। আর যেসব বাড়ি পুরনো সেগুলোর বেশীর ভাগের সামনেই আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপণ দেওয়া রয়েছে। এলাকাবাসী জানান, এ এলাকায় ১২০০ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাটের বর্তমান মূল্য ৫০ লাখ টাকারও বেশি। তাই বেশীরভাগ ভবন মালিকই আবাসন প্রতিষ্ঠানের কাছে তাদের ভবন বিক্রি করে দিচ্ছে বা অর্ধেক মালিকানার চুক্তিতে আসছে। স্থানীয় ব্যবসায়ী সোবহান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একের পর এক ভবন তৈরি করা হলেও এখানে কারো নজরদারী নেই। এলাকাবাসী রাজউক বা সিটি কর্পোরেশনকে অভিযোগ করলেও কোন ফল পাওয়া যায় না।" এলাকাবাসী অভিযোগ করেছেন, নীচু জায়গা ভরাট করে বাড়ি তৈরি করা হলেও বেশীর ভাগ ক্ষেত্রেই পাইলিং করে বাড়ি বানানো হয় না। এলাকার অনেক বাড়িই করা হয়েছে পাইলিং ছাড়া। সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. শরাফত হোসেন হেলে পড়া ভবনটি পরিদর্শন করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহুতল ভবন হিসেবে নির্মাণ করা হলেও এখানে সেভাবে পাইলিং করা হয়নি। এ কারণেই ভবনটি হেলে পড়েছে।" রাজউকের অথরাইজড অফিসার আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নীচু জমি ভরাট করে ভবন নির্মাণ এবং কাঠামোগত ত্র"টির কারণেই আটতলা ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।" হেলে পড়া ভবনটির ব্যাপারে আমিনুর রহমান বলেন, "ভবনটিকে অবৈধ ঘোষণা করে ৪ দফা নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ প্রদানের পাশাপাশি ২০০৯ সালেই তিতাস ও ডেসকোকে চিঠি দেওয়া হয় যেন তারা ভবনটিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না দেয়।" তবে এলাকায় অন্য কোন ভবন অবৈধ কিনা বা রাজউকের অনুমতি ছাড়া তৈরি করা হচ্ছে কিনা সে ব্যাপারে কোন মন্তব্য করেননি আমিনুর রহমান। নীচু জমি ভরাট করে এবং কাঠামোগত ক্রটি থাকায় এর আগে রাজধানীর বেগুনবাড়ি ও দক্ষিণখান এলাকায় ভবন উপড়ে পরে হতাহতের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১১১৩ ঘ.