ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ের প্রতি ইঞ্চি জায়গার বাণিজ্যিক উপযোগিতা নিশ্চিত করে নীতিমালা প্রণয়ন করার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ের অবৈধ স্থাপনা অপসারণ ও বেদখল সম্পত্তি উদ্ধার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, দেশে রেলওয়ের জমির জরিপ কার্যক্রম ও ভূমি ব্যবহার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী বছরের জুলাইয়ে শেষ হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের দরপত্র কার্যক্রমে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মো. জিল্লুল হাকিম, নজরুল ইসলাম মঞ্জু, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ এনামুল করিম চৌধুরী, মো. গোলাম মাওলা রনি ও অপু উকিল অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৬ ঘ.
bdnews24