২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানুষের মৌলিক সমস্যা সমাধানে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

কুমিল্লা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের মৌলিক সমস্যা সমাধানে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লার তিতাস উপজেলা কমপ্লেক্সে রোববার বিকালে জেলা আওয়ামী লীগ (উত্তর) আয়োজিত এক জনসভায় শেখ হাসিনা বলেন, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসাসহ মানুষের মৌলিক সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এগিয়ে যাচ্ছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর আগে, প্রধানমন্ত্রী কুমিল্লা জেলার তিতাস উপজেলার সোলাকান্দিতে একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভায় আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক, হুইপ মুজিবুল হক এবং সাংসদ সৈয়দ আলী আশরাফ, সুবিদ আলী ভূঁইয়া, এ কে এম বাহাউদ্দিন বাহার, এবিএম গোলাম মোস্তফা, জোবেদা খাতুন পারুল প্রমুখ। '২০১৩ সালে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ' প্রধানমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগের গত সরকারের আমলে দাউদকান্দিতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও গত বিএনপি-জামায়াত জোট সরকার সেই প্রকল্প বাস্তবায়ন করেনি। তিনি বলেন, "সরকার এবারো বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যাপক কর্মসূচি নিয়েছে। ইতোমধ্যেই ৩০টি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তিনটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ শেষ হয়েছে। "এছাড়া আরো ১০টি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এই প্ল্যান্টগুলো বাস্তবায়িত হলে অতিরিক্ত ৩৩শ' মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।" এর বাইরেও ১০টি কেন্দ্র থেকে আরো চারশ' মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, "২০১৩ সালের মধ্যে আমরা সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবো ইনশাল্লাহ।" 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো' প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, "অন্যায়কারী যে দলেরই হোক কাউকে রেহাই দেওয়া হবে না।" অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো বলেও দাবি করেন তিনি। "বঙ্গবন্ধু হত্যার বিচার এবং বিচারের রায় কার্যকর করে জাতি কলংকমুক্ত হয়েছে," জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জেলখানায় নিহত জাতীয় চার নেতা হত্যার বিচারও হবে। খুনিরা কেউই রেহাই পাবে না।" তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। আন্দোলনের হুমকি-ধামকি দিয়ে তাদের কেউ রক্ষা করতে পারবে না।" শেখ হাসিনা দেশের সামাজিক নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা উল্লেখ করে জানান, ইতিমধ্যে দুস্থ মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিগত বিএনপি-জামাত জোট সরকারের সমালোচনা করে বলেন, "তাদের সরকারের আমলে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতির উত্থান ঘটেছিল। তাদের একটাই নীতি ছিলো, তা হচ্ছে দুর্নীতি। তারা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।" শেখ হাসিনা এলাকাবাসীর বিভিন্ন দাবির প্রেক্ষিতে বলেন, "স্থানীয় সমস্যা সমাধানে সরকার অচিরেই ব্যবস্থা নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩৩ ঘ.