২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী কলিম শরাফী স্মরণে শোকসভা সোমবার

প্রয়াত শিল্পী কলিম শরাফী স্মরণে সোমবার বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভার আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত শিল্পী কলিম শরাফী স্মরণে সোমবার বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভার আয়োজন করা হয়েছে। রোববার সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২ নভেম্বর ৮৬ বছর বয়সে বরেণ্য এ রবীন্দ্রসঙ্গীত শিল্পী মারা যান। ওই দিনই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। কলিম শরাফীর জন্ম ১৯২৪ সালের ৮ মে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ি মহকুমার খয়রাডিহি গ্রামে। সেটা তার নানাবাড়ি। শৈশব ও কৈশোরের অধিকাংশ সময়ে নানাবাড়িতেই দিন কেটেছে তার। উপনিবেশিক শাসনে থাকা ভারতবর্ষে ছাত্র জীবনেই আন্দোলনে জড়িয়ে পড়েন কলিম শরাফী। মহাত্মা গান্ধীর ডাকে 'ভারত ছাড়ো' আন্দোলনে যোগ দিয়ে জেলও খাটেন তিনি। কারাগারেই আন্দোলনকর্মী বিভিন্ন শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার। 'পঞ্চাশের মন্বন্তর' হিসেবে পরিচিত পাওয়া দুর্ভিক্ষের সময় লঙ্গরখানায় কাজ করার সময় তিনি কমিউনিস্ট নেতা কমরেড মুজাফফর আহমেদের সংস্পর্শে আসেন, যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। এর মধ্যেই চলতে থাকে তার সঙ্গীত সাধনা। ১৯৪৬ এর দাঙ্গার সময় এইচএমভি থেকে বের হয় তার গণসঙ্গীতের প্রথম রেকর্ড। প্রথমে গণসঙ্গীত গাইলেও পরে তিনি রবীন্দ্রসঙ্গীত চর্চা শুরু করেন। পাকিস্তান আমলে ১৯৫৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান রেডিওতে নিষিদ্ধ ছিলো কলিম শরাফীর গান। বাংলার স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। শুধ সুর সাধনাই নয়, বহু সংগঠনও গড়ে তুলেছিলেন কলিম শরাফী। দীর্ঘদিন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করেন তিনি। সঙ্গীত জীবন দীর্ঘ হলেও এই সময়ে তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ৫। সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন কলিম শরাফী। এছাড়াও অনেক পুরস্কার ও সম্মামনা পেয়েছেন তিনি। '৯০ এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শিল্পী-সংস্কৃতিকর্মীদের সংগঠিত করার কাজ করেন তিনি। যুদ্ধাপরাধের বিচার দাবিতে গণআদালতে সম্পৃক্ত হওয়ায় ১৯৯১ সালে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকেও আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৭২৭ ঘ.