২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট খাঁচায় ৪ সিংহ

ছোট্ট একটি খাঁচায় রাখা হয়েছে চারটি সিংহ। মাত্র আড়াইশ বর্গফুটের এই খাঁচায় তিনটি সিংহ ও একটি সিংহী বাস করছে দুই বছর ধরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 04:11 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

রংপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট্ট একটি খাঁচায় রাখা হয়েছে চারটি সিংহ। মাত্র আড়াইশ বর্গফুটের এই খাঁচায় তিনটি সিংহ ও একটি সিংহী বাস করছে দুই বছর ধরে। জায়গার অভাবে সিংহগুলো খাঁচার মধ্যে ঠিকমতো চলাফেরা করতে পারে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিংহীটি ২ বছর আগে ২টি বাচ্চা জন্ম দেয়ার পর সিংহের সংখ্যা দাড়িয়েছে ৪টিতে। খাঁচার অভাবে সিংহগুলোকে আলাদা করে রাখতে না পারায় প্রতিদিন সকালে খাঁচায় মাংস দেওয়ার সময় বিপাকে পড়ে চিড়িয়াখানার লোকজন। এ সময় মাংস নিয়ে সিংহগুলোর মধ্যে বেধে যায় লড়াই। এতে করে ৩টি সিংহ মারাত্মক জখম হয়েছে। পায়ে আঘাত পেয়ে দু'টি সিংহ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অন্য একটির দেহে ক্ষত সৃষ্টি হয়েছে। অসুস্থ প্রাণী রাখার আলাদা কোন ব্যবস্থা না থাকায় ঠিকমত তাদের চিকিৎসা করা যাচ্ছে না। চিড়িয়াখানার একজন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় খাঁচা না থাকায় ৪টি সিংহের মধ্যে দু'টি সিংহ ঢাকার মীরপুর চিড়িয়াখানায় স্থানান্তর করার জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এর কোন সাড়া পাওয়া যায়নি। একই অবস্থা রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার। সেটি এতটাই ছোট যে কোনোভাবেই বাঘ রাখার উপযোগী নয়। অথচ রংপুর চিড়িয়াখানা প্রাণীদের প্রজননের জন্য উপযোগী হওয়ায় এখানে গত ২০ বছরে প্রায় ২৫টি রয়েল বেঙ্গল টাইগার আর ১০টি সিংহের বাচ্চা জন্ম হয়েছে। একইভাবে হরিণসহ অন্যান্য প্রাণী বাচ্চা প্রসব করেছে। কিন্তু দীর্ঘ ২০ বছরেও এসব পশু প্রাণীর বসবাসের উপযোগী করে কোন আবাসন তৈরি করা হয়নি। রংপুর চিড়িয়াখানার কিউরেটর নজমুল ইসলাম জানান, চিড়িয়াখানার উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলে এর কাজ শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০০৭ ঘ.